খুব শীঘ্রই তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে : পার্বত্য মন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি জানিয়েছেন, খুব শীঘ্রই তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে। তিনি শনিবার রাঙামাটি জেলা শহরের রাঙাপানি এলাকার মোনঘর আবাসিক বিদ্যালয়ে ‘কুমন লার্নিং সেন্টার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

এসময় দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ শীঘ্রই পুনর্গঠন করা হবে। পুরো বিষয়টি এখন প্রক্রিয়ার মধ্যে আছে। এটি একটি বড় প্রক্রিয়া। তাই এখানে কোনো প্রকার ভুল হতে দেওয়া যাবে না। খুব সর্তকতার সঙ্গে আমাদের এগোতে হচ্ছে। পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন আইনের বিধান মেনেই সকল জাতিসত্তার সদস্যসহ সব জনগোষ্ঠীর প্রতিনিধিদের অন্তর্ভূক্ত করে এই জেলা পরিষদগুলো গঠন করা হবে। কুমন লার্নিং সেন্টার উদ্বোধন উপলক্ষে আয়েজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান আরো বলেন, গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের যে ভয় বা দুর্বলতা রয়েছে, তা কুমন লার্নিং পদ্ধতির মাধ্যমে তা দূর হবে। কোয়ালিটি অ্যাডুকেশন না থাকলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের ক্ষেত্রে ভালো নেতৃত্ব গড়ে উঠবে না। প্রধানমন্ত্রী শিক্ষার প্রতি অত্যন্ত যত্নবান। প্রধানমন্ত্রী পার্বত্য অঞ্চল ও সমতল অঞ্চলে শিক্ষার ক্ষেত্রে সমান অগ্রাধিকার দিয়েছেন।

মোনঘরের কার্যনির্বাহী পরিষদের সভাপতি শ্রদ্ধালংকার মহাথের সভাপতিত্বে এতে বক্তব্য দেন এমইউএফজি ব্যাংক লিমিটেড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ম্যানেজিং ডিরেক্টর কিমুরা কেঞ্জি, জাইকা বাংলাদেশ অফিসের স্পেশাল অ্যাডভাইজার কিয়োশি আমাদা, ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল বিন হাসান, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রান্সের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা, মোনঘরের মহাসচিব কীর্তি নিশান চাকমাসহ অন্যরা।

পূর্ববর্তী নিবন্ধপণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবি আনোয়ারা ফাউন্ডেশনের
পরবর্তী নিবন্ধজুলাই সনদের মাধ্যমে ইনসাফ ভিত্তিক সমাজের দিকে এগিয়ে যেতে হবে