ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের গোল উৎসব

| সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

উয়েফা নেশনস লিগে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। গ্রুপ–এ৩–এ নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ড ৭–০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। স্পেনের কাছে ৩–২ গোলে হেরে এবারের আসর শুরু করেছিল ইংলিশরা। এরপর টানা দ্বিতীয় ম্যাচ জিতল তারা। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২–০ গোলের জয়ের পর ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে টমাস টুখেলের দল। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ক্রোয়েশিয়া। এই গ্রুপে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। সমানসংখ্যক ম্যাচ খেলে সবগুলোতে হেরে পয়েন্ট তালিকার তলানিতে আছে চেক প্রজাতন্ত্র। ক্রোয়েশিয়ার রিজেকা স্টেডিয়ামে ম্যাচে অষ্টম মিনিটে গোল পেয়ে যায় ইংল্যান্ড। বেলিংহামের পাস থেকে জোরালো শটে গোল করেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। অ্যান্থনি গর্ডনের পাস থেকে ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুড বেলিংহাম(২–০)। ৩৯ মিনিটে গোলদাতার তালিকায় নাম লেখান গর্ডন। জ্যারেল কুয়ান্সার ক্রস থেকে হেডে গোল করেন গর্ডন। বিরতির আগে ক্রোয়েশিয়ার জালে চার গোল পূর্ণ করে ইংল্যান্ড। বেলিংহামের পাস থেকে বুকায়ো সাকা গোল করলে ৪–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণাত্মক ধারা অব্যাহত রাখে ইংল্যান্ড। এতে ম্যাচে ৫৩ মিনিটে পঞ্চম গোল পেয়ে যায় তারা। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন কেইন। ইংল্যান্ডের হয়ে রেকর্ড ৮৯ গোলের মালিক এখন তিনি। কেইনের মতো জোড়া গোল করেন সাকাও। ৬৮ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন সাকা। ম্যাচের ৮৭ মিনিটে ইংল্যান্ডের হয়ে শেষ ও ক্রোয়েশিয়ার জালে সপ্তম গোল পূর্ণ করেন মরগান রজার্স(৭–০)। নিজেদের ফুটবল ইতিহাসে এটিই সবচেয়ে বড় হার ক্রোয়েশিয়ার। এর আগে ২০১৮ সালে স্পেনের কাছে ৬–০ গোলে হেরেছিল তারা। আগামী ৬ অক্টোবর ঘরের মাঠে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড।

পূর্ববর্তী নিবন্ধরিবাকিনার পর অঘটনের শিকার সাবালেঙ্কা
পরবর্তী নিবন্ধআমিরাতের বিপক্ষে প্রথম দিনে ২৩৪ রান মিরাজদের