ক্রেতার ছদ্মবেশে দোকানিকে ব্যস্ত রাখে তিন চোর, নগদ টাকা ও মোবাইল লুট

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২২ জুন, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ক্রেতার ছদ্মবেশে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের খাঁনহাট বাজার এলাকার ইসলামিয়া লাইব্রেরিতে এ ঘটনা ঘটে। চোরেরা মুহূর্তের মধ্যে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে উধাও হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আহমদ শফি জানান, প্রতিদিনের ন্যায় সকালে দোকান খুলে ব্যবসা পরিচালনা করছিলেন। এ সময় তিনজন অপরিচিত ব্যক্তি ক্রেতার ছদ্মবেশে দোকানে প্রবেশ করে। তারা বিভিন্ন পণ্য দেখতে ও কিনতে আগ্রহ প্রকাশ করে। একপর্যায়ে তাদের একজন ফটোকপির কাজ করতে দিলে তিনি কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সুযোগে চোরেরা দোকানের ক্যাশবক্স টেবিলের নিচে রাখা একটি ব্যাগ থেকে ব্যবসার মূলধন হিসেবে সংরক্ষিত নগদ ২ লাখ টাকা, দোকানির ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং বিক্রির জন্য রাখা আরও ৮টি মোবাইল সেট কৌশলে চুরি করে নিয়ে যায়। বিষয়টি টের পাওয়ার পরপরই আশপাশের এলাকায় তাদেরকে খোঁজাখুঁজি করা হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। লাইব্রেরি ব্যবসার পাশাপাশি বিকাশ এজেন্টের ব্যবসাও পরিচালনা করেন শফি। চুরি হওয়া অর্থই ছিল তার ব্যবসার মূলধন। এ ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনপূর্বক বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার সাথে জড়িতদের শনাক্তপূর্বক আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদ প্রসঙ্গে সাজিনাস হাসপাতালের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধসিলেটের ডিসি সারওয়ার আলমকে সরানো হল