কো. ফাইনালে আজ বাংলাদেশ মালয়েশিয়া মুখোমুখি

এশিয়ান গেমস ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

বৃষ্টির কারণে ওমানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। ফলে এশিয়ান গেমস ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে মালয়েশিয়াকে। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টায় নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে ২০২২ সালের চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে একবার আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও মালয়েশিয়া। সেই উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশ ২ রানে জয় পেয়ে সেমিফাইনালে উঠেছিল। নিশিনে ওমানের বিপক্ষে মালয়েশিয়ার ম্যাচটি হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টির কারণে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। দুই দল পয়েন্ট ভাগ করে নেয়। ফলে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে মালয়েশিয়া। দুই পয়েন্ট নিয়ে হংকং হয়েছে গ্রুপ রানার্সআপ। এক পয়েন্ট পাওয়া ওমান প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে। ‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালের বাকি দুটি জায়গা নিশ্চিত করেছে নেপাল ও আফগানিস্তান। বৃষ্টির কারণে স্বাগতিক জাপানের বিপক্ষে নেপালের ম্যাচটিও পরিত্যক্ত হয়। এতে গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে নেপাল। বাদ পড়ে জাপান। আইসিসি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান আগেই সরাসরি শেষ আটে জায়গা নিশ্চিত করেছিল। গতকাল পাকিস্তান–হংকং এবং আফগানিস্তান–ভারত মধ্যকার টুর্নামেন্টের প্রথম দুই কোয়ার্টার ফাইনালে দু’টি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এতে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠে পাকিস্তান ও ভারত। প্রথম সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে বাংলাদেশ–মালয়েশিয়ার মধ্যকার চতুর্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল। বাংলাদেশ–মালয়েশিয়ার ম্যাচও বৃষ্টি পরিত্যক্ত হলে, সেমিফাইনালে উঠবে টাইগাররা। মালয়েশিয়ার ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘বৃষ্টিতে খেলা না হলে কিছু করার থাকবে না। আগেই বলেছি, বৃষ্টির উপর কারও হাত নেই।’

পূর্ববর্তী নিবন্ধসিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায় নিশ্চিত বাংলাদেশের
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে উন্মুক্ত চুকবল প্রশিক্ষণ সম্পন্ন