পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ শুক্রবার মুখোমুখী হচ্ছে দুই শিরোপা প্রত্যাশী দল পটিয়া মোহামেডান এসসি ও কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থা। বিকেল ৪টায় পটিয়ার জিরি খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে এ দুই দল মাঠে নামবে। দুই দলই দেশীয় তারকা ফুটবলারদের পাশাপাশি নাইজেরিয়া ও ঘানা সহ বিভিন্ন দেশের বিদেশী ফুটবলারদের সমন্বয়ে দল সাজিয়েছে বলে জানা গেছে। গত ২০২৫ সালে এ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মুখোমুখী হয়েছিল শক্তিশালী এ দুই দল। এতে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণের এ ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে ড্র হয়। টাইব্রেকারে মোহামেডানের গোলরক্ষক মো. জাকারিয়ার নৈপূণ্যে তার দল ফাইনালে উঠে। তবে এবার সেই দুঃস্বপ্ন ভুলে ঘুরে দাঁড়াতে প্রস্তুত কর্ণফুলী কালারপোল। কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থার সভাপতি এম এ রহিম জানান,এবার আমরা ঘরোয়া ফুটবলার ছাড়াও দুইজন বিদেশী নাইজেরিয়ান ও উগান্ডার ঢাকা মোহামেডানের ফুটবলার দাউদা ও মোজিকে নিয়ে মাঠে নামছি। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী বলেন, ডিফেন্সে নাইজেরিয়ান খেলোয়াড় এলিটা ও মধ্যমাঠের শেখ কামারা বিদেশী খেলোয়াড় হিসেবে মাঠে নামবে।











