কোটি টাকার হিটাচি ব্র্যান্ডের সিটি স্ক্যানার মেশিনের নিলামে কাস্টমস মূল্য দেখিয়েছে ১০ লাখ ১৯ হাজার ২৯৯ টাকা। তবে সদ্য সমাপ্ত টেন্ডার সেল–৯ এর ই–অকশনে মেশিনটির সর্বোচ্চ দর উঠেছে ৪৬ লাখ টাকা। কোটি টাকার মেশিনটি কম মূল্য দেখানো এবং ক্যাটালগে মেশিনটির পূর্ণাঙ্গ বর্ণনা না দেয়ার বিষয় উল্লেখ করে চট্টগ্রাম কাস্টমস কমিশনারের কাছে চিঠি লিখেছেন একাধিক বিডার (নিলামে অংশগ্রহণকারী)। মোজাম্মেল হক নামের এক বিডার চিঠিতে উল্লেখ করেন, হিটাচি ব্র্যান্ডের সিটি স্ক্যানার মেশিনের নূন্যতম বাজার দর এক কোটি আট লাখ টাকা। কিন্তু ইনভেন্ট্রি রিপোর্টের মন্তব্য কলামে উল্লেখ করা হয়েছে–যথাযথ লজিস্টিক সাপোর্ট না পাওয়ায় পণ্য চালানটির ছবি ও ওজন নেয়া সম্ভব হয়নি। কোটি টাকার মূল্যের স্ক্যানার মেশিনের ভ্যালু কীভাবে ১০ লাখ ১৯ হাজার ২৯৯ টাকা নির্ধারণ করা হয় এবং সেই পণ্যে বিড পড়ে ৪৬ লাখ টাকা তা আমাদের বোধগম্য নয়। তাই সঠিক তথ্য দিয়ে মডেল সাইজসহ সকল তথ্য উপস্থাপন করে ক্যাটালগ ভুক্ত করে পুনরায় নিলামে তোলার দাবি জানিয়েছেন বিডাররা।
এ ব্যাপারে নিলাম শাখার একজন কর্মকর্তা জানান, এখনো পণ্যের বিক্রয় অনুমোদন জারি হয়নি। নিলাম কমিটি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।










