কিউ–ক্যাশ নেটওয়ার্কের নিয়মিত আপডেট, সিস্টেম মেইনটেন্যান্স ও অপারেশনাল কার্যক্রমের কারণে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও এনপিএসবি সম্পর্কিত ডিজিটাল লেনদেন সেবা সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। এসব সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত ৯টা থেকে আইটি কনসালটেন্টস পিএলসি পরিচালিত কিউ–ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ কাজের জন্য কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হওয়ায় গ্রাহকরা ভোগান্তির শিকার হন।
গ্রাহকদের আর্থিক লেনদেনের ধারাবাহিকতা ও স্বার্থরক্ষায় বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করে দ্রুত কার্ড সংশ্লিষ্ট সব সেবা পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এনপিএসবি প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি যুক্ত বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান এবং অন্যান্য পেমেন্ট সেবা দানকারী প্রতিষ্ঠানের লেনদেন স্বাভাবিক রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক পরিচালিত বিএসিপিএস, বিইএফটিএন ও আরটিজিএস–এর মতো অন্যান্য প্ল্যাটফর্মসহ দেশের সব পরিশোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে। এই সময়ে গ্রাহকদের সংশ্লিষ্ট ব্যাংকের নির্দেশনা মেনে চলার এবং প্রয়োজনে বিকল্প পেমেন্ট মাধ্যম ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।












