কাশিমপুর কেন্দ্রীয় হাই–সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে নগরীর ফয়’স লেক এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি (র্যাব)। তার নাম মো. বাহাদুর মিয়া। গত শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর বাদামতল কাজীবাড়ি এলাকার বাসিন্দা।
এসআরবি–৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন আজাদীকে জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাহাদুর মিয়া নগরীর আকবরশাহ থানা এলাকার ফয়’স লেক এলাকায় আত্মগোপনে থাকার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে এসআরবি তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ২০২৪ সালের ৬ আগস্ট তিনি কাশিমপুর কেন্দ্রীয় হাই–সিকিউরিটি কারাগার থেকে পালিয়েছিলেন। তাকে গাজীপুরের কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।













