দূরে দিগন্তরেখার মতো সারিবদ্ধ জাহাজের নিদ্রাতুর আলো
নক্ষত্রহীন কালো আকাশের নিচে কালো জলে আছড়ে পড়ে ঢেউ
শ্রাবণী মেঘের পিছে মুখ ঢাকা দশমীর চাঁদ
কোন বহুদূর দ্বীপে ভুলে যাওয়া নাম ধরে ডাক দেয় নিশি–পাওয়া কেউ
আমি তার কাছে যাবো, উল্টো স্রোতের বিপরীতে প্রাণান্ত সাঁতারে
বাঁধা হয়ে সামনে দাঁড়িয়ে যায় সামাজিক নিরেট দেয়াল
দূরদ্বীপবাসিনীর কণ্ঠ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে ইথারে ছড়িয়ে যায়
দেয়াল ভাঙার মতো হাতুড়িটি খুঁজতে গিয়ে মিইয়ে যায় লড়াকু খেয়াল
কেউ আছো? আমাকে ভাসিয়ে দেবে দেয়াল ডিঙিয়ে কালো জলে
আমাকে ডাকছে দেখো দূরদ্বীপবাসিনীর অনুগামী ঢেউ
সকল ইন্দ্রিয় দিয়ে সারাদিন সারারাত্রি আমি শুধু প্রতীক্ষায় থাকি
বহুদূর দ্বীপ থেকে আমাকে ডাকছে শোনো
ভুলে যাওয়া প্রিয় নামে নিশি–পাওয়া কেউ।





