ধারালো নখের আঁচড়ে ছিঁড়ে ফেলেছে আমার বুকের রক্তনালী,
ছিঁড়ে ফেলেছে আমার পতাকার দেহ, আমার এই পতাকার ভাঁজে
মোড়ানো ছিল ত্রিশ লক্ষ প্রাণ, দুই লক্ষ সম্ভ্রম, লক্ষ লক্ষ
পঙ্গুত্বের বীরগাথা, আরও ছিল রূপালি নদী, সবুজ ঘাস,
সোনালি ধানের ফসল, বাদাম তোলা উজানী তরী,
সবকিছু ছাপিয়ে তার উপরে ছিল একটি মহান তর্জনী।
কিন্ত হায়– আজ সব বিরান ভূমি, চারদিকে শকুন সমাবেশ,
হায়নার লম্ফঝম্ফ, আমি কেবলই নির্বাক হতাহত।
এই মাটি আমার, আমার বাবার, আমার পিতামহের,
আমার মায়ের, আমার বংশপরম্পরার।
এই মাটিতে এইসব শকুনের দল জন্ম দিল কোন বেজন্মা?
সে বেজন্মার আজ বিচার হোক, বিচার হোক মাঠে–ঘাটে,
বাংলার সাধারণ মানুষের বুকের পাঁজরে পাঁজরে,
টগবগে রক্ত ধমনির চিরন্তন লেলিহান আগুনে।








