কাপ্তাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা সুরক্ষা দিয়ে এবং উপজেলায় বসবাসকারী সর্বস্তরের জনগণের সেবা নিশ্চিত করে কাপ্তাইকে একটি মডেল উপজেলা উপজেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানালেন সংসদ সদস্য এডভোকেট দীপেন দেওয়ান। তিনি কাপ্তাই উপজেলা পরিষদের কিন্নরী মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে উল্লেখিত আহ্বান জানান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম। এ সময় উপজেলা পরিষদের সকল বিভাগীয় প্রধান এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এমপি দীপেন দেওয়ান সরকারি দপ্তরগুলোকে জনগণের কল্যাণে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। সরকারি সেবার মান বাড়াতে দপ্তরগুলোর মধ্যে সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর তিনি গুরুত্বারোপ করেন। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক মোঃ দিলদার হোসেন, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম শাকের আহমেদ এবং উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদ।









