কাতারে বন্দি ৩ পাইলটের পরিণতি নিয়ে রেডক্রসের তদন্ত চায় ইরান

| সোমবার , ১৭ আগস্ট, ২০২৬ at ৭:২৯ পূর্বাহ্ণ

ইরান প্রথমবারের মতো প্রকাশ্যে জানিয়েছে, ২ মার্চ কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানার পর থেকে নিখোঁজ তিন ইরানি বিমান বাহিনীর পাইলট কাতারি বাহিনীর হাতে জীবিত ধরা পড়েন। খবর বিডিনিউজের।

ওই পাইলটদের পরিস্থিতি তদন্ত করার ও তাদের মুক্তির জন্য চাপ সৃষ্টি করতে রেডক্রসের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের এক উর্ধ্বতন সামরিক কর্মকর্তা। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অধীনস্থ নিখোঁজ ব্যক্তিদের সন্ধানকারী কমিটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকেরজাদে রেডক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) সভাপতি মিরজানা স্পোলজারিক এগারের কাছে পাঠানো এক চিঠিতে তথ্যটি প্রকাশ করেছেন, জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম।

চিঠিতে জেনারেল বাকেরজাদে ওই তিন পাইলটের পরিণতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটিকে তাদের পরিস্থিতির বিষয়ে জরুরিভিত্তিতে খোঁজখবর নেওয়ার আহ্বান জানিয়েছেন। বাকেরজাদে জানিয়েছেন, ইরানের ওপর হামলার জবাবে ইরানি বিমান বাহিনীর দুটি এসইউ২৪ যুদ্ধবোমারু বিমান কাতারে এক মার্কিন সামরিক ঘাঁটির দিকে উড়ে যায়। বিমান দুটি সফলভাবে তাদের মিশন সম্পন্ন করলেও ফেরার সময় শত্রুর বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তিন পাইলট নিরাপদে বিমান ছেড়ে বের হয়ে যান। তবে চার পাইলটের মধ্যে একজন, ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমি মারা যান।

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫১
পরবর্তী নিবন্ধসমুদ্রে ৯ মাস, আত্মহত্যার ঝুঁকিতে হাজারো মার্কিন সেনা