কর্ণফুলীতে টেক্সিচালক হত্যা : দুই ভাই গ্রেপ্তার, রিমান্ডের আবেদন

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে নুরুল আবছার (২২) নামে এক টেক্সিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দুই সহোদরকে গ্রেপ্তার করেছে এসআরবি–৭। গত মঙ্গলবার রাতে কর্ণফুলীর সৈন্যেরটেক ও বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মোহাম্মদ সুমন (৩১) ও মোহাম্মদ আকাশ (২১)। তারা কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরফরিদ এলাকার গফুর মেম্বারের বাড়ির আব্দুছ ছমদের ছেলে। কর্ণফুলী থানার ওসি মো. নূর আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার এসআরবি–৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত নুরুল আবছার চরলক্ষ্যা এলাকার আব্দুর রহিমের ছেলে। প্রায় দুই মাস আগে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী নাজমা আক্তার বাবার বাড়িতে চলে যান। তখন তাদের ১৪ মাস বয়সী সন্তান আব্দুল্লাহ দাদা আব্দুর রহিমের কাছে ছিল। পরে শিশুটিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছে দুই লাখ টাকায় বিক্রির ঘটনাকে কেন্দ্র করে স্বামী–স্ত্রীর বিরোধ আরও বাড়ে। গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মুঠোফোনে কল করে নুরুল আবছারকে বাড়ি থেকে ডেকে নেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন ১১ নভেম্বর বিকেল ৫টার দিকে চরলক্ষ্যা হিন্দুপাড়া এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এসআরবির ভাষ্য, নুরুল আবছারকে পূর্বপরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার পর মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। উদ্ধারের সময় তার দুই হাত বাঁধা ও গলায় ফাঁস ছিল। এ ঘটনায় ১১ নভেম্বর নিহতের বাবা বাদী হয়ে কর্ণফুলী থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। হত্যাকাণ্ডের পর ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে দুই সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করা হয়। পরে সৈন্যেরটেক ও বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে সুমন ও আকাশকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেননি। তবে তাদের দেওয়া তথ্যে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। এ কারণে আদালতে তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে।

কর্ণফুলী সার্কেলের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাফিস ইনসান বলেন, আসামিরা সরাসরি জড়িত থাকার কথা স্বীকার না করলেও জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে এখনই সেসব তথ্য প্রকাশ করা যাচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধমোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ
পরবর্তী নিবন্ধরিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির ৬ষ্ঠ সভা