কমনওয়েলথ গেমসের পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে অল্পের জন্য সেমিফাইনালের টিকিট হাতছাড়া করেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। সোমবার প্রথম রাউন্ডের নবম হিটে লেন–২ থেকে দৌড় শুরু করেন তিনি।১০.৩৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থানে ফিনিশ করেন ইমরানুর। এই হিটে ১০.১৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন ত্রিনিদাদ ও টোবাগোর ও. লুইস। দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের আর. ব্রাথওয়েটের সময় ছিল ১০.৩৭ সেকেন্ড। মাত্র ০.০২ সেকেন্ডের ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় হন ইমরানুর। ফলে সরাসরি পরবর্তী রাউন্ডে ওঠার সুযোগ হারান তিনি। নিজের হিটে ছয় জনের মধ্যে তৃতীয় হওয়া ইমরানুর সব মিলিয়ে ৭৩ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ২৭তম। সেমি–ফাইনালে ওঠাদের মধ্যে সবশেষ প্রতিযোগী বারবাডোজের গ্রিফিত কুরোন; তার টাইমিং ১০ দশমিক ২৪ সেকেন্ড। দক্ষিণ এশিয়ানদের মধ্যে অবশ্য দ্বিতীয় হয়েছেন ইমরানুর। শ্রীলঙ্কার দিনেথ ইন্দুভারা ১০ দশমিক ৩৩ সেকেন্ড নিয়ে তার ওপরে আছেন। ভারতের গুরিন্দেরভির সিংও ইমরানুরের সমান টাইমিং করেছেন।
এদিকে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি বাংলাদেশের নারী স্প্রিন্টার শিরিন আক্তারও। ব্যক্তিগত সেরা সময়ের কাছাকাছিও যেতে না পেরে নারীদের ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে তাকে। সোমবার অনুষ্ঠিত প্রথম রাউন্ডের সপ্তম হিটে লেন–৩ থেকে দৌড় শুরু করেন শিরিন। ১০০ মিটার পাড়ি দিতে তিনি সময় নেন ১২.৩৯ সেকেন্ড। সাত প্রতিযোগীর এই হিটে শিরিন সপ্তম, অর্থাৎ সবার শেষ স্থান অর্জন করেন। হিটে প্রথম হন কানাডার এস. ম্যাকক্রেথ, যার সময় ছিল ১১.৩৩ সেকেন্ড। দ্বিতীয় হন গ্যাবনের পি. এল. মৌলিন (১১.৪৭ সেকেন্ড) এবং তৃতীয় হন অস্ট্রেলিয়ার জি. হ্যারিস (১১.৫১ সেকেন্ড)। শীর্ষ তিন অ্যাথলেট সরাসরি পরবর্তী রাউন্ডে জায়গা করে নেন। অন্যদিকে, শিরিনের ১২.৩৯ সেকেন্ড সময়টি তার ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের চেয়েও ধীর ছিল। ফলে সেমিফাইনালে ওঠার কোনো সম্ভাবনাই তৈরি হয়নি।












