কমনওয়েলথ গেমসে বক্সিং থেকে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে কোয়ার্টার ফাইনালেই। পুরুষদের ৫৫ কেজি ব্যান্টামওয়েট বিভাগের শেষ আটের লড়াইয়ে অস্ট্রেলিয়ার ডিক্সন জেইয়ের কাছে পরাজিত হয়েছেন বাংলাদেশের রাকিব হোসেন। ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই লড়াইয়ে জয় পেলেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হতো। সেই লক্ষ্য সামনে রেখেই রিংয়ে নামেন বাংলাদেশ সেনাবাহিনীর এই বক্সার। শুরু থেকেই আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন রাকিব। তিন রাউন্ডের লড়াইয়ে তিনি কয়েকটি দারুণ পাঞ্চে প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম হন।
তবে আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞ ডিক্সন জেই কৌশলী বক্সিংয়ের মাধ্যমে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত তিন রাউন্ড শেষে বিচারকদের রায়ে জয়ী ঘোষণা করা হয় অস্ট্রেলিয়ার বক্সারকে।











