কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে বসানো সব দোকানের কার্ড বাতিল ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্ডের শর্ত লঙ্ঘন করে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে অবৈধভাবে দোকান নির্মাণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি অর্থবছরের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হওয়ার পর আর কোনো কার্ড নবায়ন করা হবে না বলেও জানানো হয়েছে। একইসঙ্গে বীচ ম্যানেজমেন্ট কমিটি ভবিষ্যতে নতুন কোনো কার্ড অনুমোদন দেবে না।
জানা গেছে, সমুদ্র সৈকতের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় এর আগে একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। গত ১২ ফেব্রুয়ারি বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সৈকতের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছিল। তবে উচ্ছেদের পর কয়েক দফায় পুনরায় দোকান নির্মাণের ঘটনা ঘটে। সর্বশেষ আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাতারাতি সৈকতের বালিয়াড়ি দখল করে আবারও দোকান নির্মাণের অভিযোগ ওঠে। এতে সৈকতের স্বাভাবিক পরিবেশ, পর্যটকদের চলাচল এবং বালিয়াড়ির সুরক্ষা হুমকির মুখে পড়ে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আঃ মান্নান বলেন, সমুদ্র সৈকতের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই বালিয়াড়ি দখল বা অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদী ও পর্যটন সংশ্লিষ্টরা। তাদের মতে, দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে দোকান নির্মাণের কারণে সমুদ্র সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছিল। কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সৈকতের পরিবেশ রক্ষা করা সম্ভব হবে।









