কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী বেইলি হ্যাচারি পর্যন্ত প্রস্তাবিত ২ দশমিক ৮ কিলোমিটার সড়ক নির্মাণে বাধা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি। জনদুর্ভোগ নিরসন ও পর্যটন বিকাশের স্বার্থে অনতিবিলম্বে সড়কটির নির্মাণকাজ শুরু করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সংগঠনের স্থায়ী পরিষদের সভাপতি ও দৈনিক পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম নুরুল হক, মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর, অর্থ সচিব লায়ন নুরুল আলম এবং সাংগঠনিক সম্পাদক জিকরুল হাবিবিল ওয়াহিদ এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের নগরী কঙবাজার দেশের পর্যটন রাজধানী হিসেবে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রতিবছর বাড়ছে পর্যটকের আগমন। এর ফলে শহরের ওপরও বাড়ছে যানবাহনের চাপ। বিশেষ করে পর্যটন হোটেল–মোটেল জোনের কলাতলী সড়কে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, এই ভোগান্তির স্থায়ী সমাধানে সৈকতসংলগ্ন সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী বেইলি হ্যাচারি পর্যন্ত ২ দশমিক ৮ কিলোমিটার সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সড়কটির প্রাথমিক কাজ শুরু হওয়ার পর একটি মহল পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখিয়ে এর বিরোধিতা করছে। এটি অত্যন্ত দুঃখজনক এবং উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধিতার শামিল।
তারা বলেন, বহু বছর আগে লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত হোটেল সি–গার্লের সামনের সড়ক নির্মাণ করা হলেও সুগন্ধা থেকে কলাতলী পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণ না হওয়ায় যানজট ক্রমেই প্রকট হয়েছে। বর্তমানে কলাতলী ডলফিন চত্বর থেকে লাবণী পয়েন্ট ও কঙবাজার শহরমুখী হোটেল–মোটেল জোন সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। এতে পর্যটক, পথচারী, বয়োজ্যেষ্ঠ নারী–পুরুষ, শিশু, স্কুল–কলেজের শিক্ষার্থী এবং অসুস্থ রোগীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।– প্রেস বিজ্ঞপ্তি।












