কক্সবাজারের সাবেক এডিসি জাফরসহ ৫ জন কারাগারে

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের টাকা আত্মসাতের মামলা । সাবেক ডিসি রুহুল আমিনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শুনানি শেষ, রায় ৩০ নভেম্বর

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ৬:২১ পূর্বাহ্ণ

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের টাকা আত্মসাতের মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ ৫জনকে কারাগারে পাঠানো হয়েছে। সেই সাথে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিন ও মহেশখালীর ধলঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান উল্যাহ বাচ্চুসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলাটির বিচারকার্য প্রায় শেষ দিকে। সাক্ষ্যগ্রহণ শেষে শুরু হওয়া যুক্তিতর্ক শুনানিও আজ (গতকাল) শেষ হয়েছে। আগামী ৩০ নভেম্বর রায় ঘোষণা করা হবে। মামলার মোট আসামি ৩৪ জন জানিয়ে পিপি বলেন, এর মধ্যে ১৯ জনের বিচার উচ্চ আদালত কর্তৃক স্থগিত রয়েছে। ১০জন পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। আজকে (গতকাল) উপস্থিত থাকা বাকী ৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

আদালতসূত্র জানায়, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকায় ১ হাজার ৪১৪ একর জমিতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হয়। এ প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা চিংড়িঘের, ঘরবাড়িসহ অবকাঠামোর বিপরীতে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা। এর মধ্যে ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছিল ৪৬ কোটি ৩ হাজার ৩২০ টাকা। সেখান থেকে নানা কৌশলে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা তুলে নেওয়ার মাধ্যমেই আত্মসাৎ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী একেএম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সাবেক এডিসি (রাজস্ব) জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে একটি বিশেষ মামলা দায়ের করেন। আদালত তখন মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদককে নির্দেশ দেন। আদালতসূত্র আরও জানায়, তদন্ত শেষে ২০১৭ সালের ৩ এপ্রিল দুদক ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরই ধারাবাহিকতায় ৩৪ জনের বিরুদ্ধে (২ জনকে অব্যাহতি দেওয়া হয়) চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির ক্ষোভ-বিক্ষোভ, প্রতিবাদ
পরবর্তী নিবন্ধহাসিনা ও পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ