ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম আয়োজিত ৫দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আগামী ২১ থেকে ২৫ ডিসেম্বর চট্টগ্রাম প্যারেড ময়দানে অনুষ্ঠিত হবে। এবারের মাহফিলে প্রধান মোফাচ্ছির হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন ড. মাওলানা মিজানুর রহমান আযহারী।
মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত এন্তেজামিয়া কমিটি ১ম সভা ও দেলাওয়ার হোসেন সাঈদী স্মরণে দোয়া মাহফিল গত ১৫ আগস্ট নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতার প্রাণ প্রিয় বৃহৎ ইসলামী জলসা যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। তাফসীর মাহফিলের ঘোষণা করলেই এদেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতার মধ্যে একটি উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। তিনি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত আগামী ২১ থেকে ২৫ ডিসেম্বর প্যারেড ময়দানে অনুষ্ঠিতব্য ৫দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলকে সফল করার লক্ষ্যে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পরিষদেও সহ সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশারের সঞ্চালনায় সভায় অরো বক্তব্য দেন, অধ্যাপক নুরুল আমিন, অধ্যাপক ড. আবু বকর রফিক, দৈনিক কর্ণফুলী সম্পাদক আফসার উদ্দীন চৌধুরী, পরিষদের সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, সাবেক ছাত্র নেতা ফয়সাল মোহাম্মদ ইউনুস, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. সিদ্দিকুর রহমান, সলীমুজ্জামান প্রমূখ। শেষে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি।











