এসএসসি-২৬ ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার রুটিন পুনর্বিবেচনা করা হোক

| শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

এবারের এসএসসি পরীক্ষায় সারা দেশে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১৮ লক্ষাধিক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। শুধুমাত্র সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১৪ লক্ষাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। যার মধ্যে শতকরা ৫০ ভাগেরও অধিক পরীক্ষার্থী ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছে। সাধারণত এমন গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় সকল শিক্ষার্থীই সব বিষয়ে ভালো ফলাফল করতে আগ্রহী থাকে। কিন্তু অত্যন্ত দু:খের বিষয় হলো, এবারের পরীক্ষার রুটিন নিয়ে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণসহ সংশ্লিষ্ট সকলেই খুবই চিন্তিত। এমনকি অনেক অভিভাবক সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন রুটিন সম্পর্কে তাদের অসন্তুষ্টি ও অভিমত শেয়ার করছেন। কারণ এবারের পরীক্ষার রুটিনে ব্যবসায় শিক্ষা বিভাগের কৃষিশিক্ষা (তত্ত্বীয়)/ গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), হিসাববিজ্ঞান ও ব্যবসায় উদ্যোগ এ তিনটি বিষয়ের পরীক্ষা যথাক্রমে ১২, ১৩, ১৪ মে তারিখে পরপর তিনদিনেই অনুষ্ঠিত হবে।

এসএসসির মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার এমন রুটিনে মেধাবী শিক্ষার্থীদের কোনো সমস্যা না হলেও কম মেধা সম্পন্ন শিক্ষার্থীদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে। অন্ততপক্ষে ১৩/০৫/২০২৬ তারিখের হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন করে পরবর্তীতে সুবিধাজনক সময়ে ঐ পরীক্ষাটি গ্রহণ করা হলে ব্যবসায় শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবে এবং উল্লিখিত বিষয়গুলোর পূর্ণাঙ্গ প্রস্তুতির সাথে স্বস্তিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বলে আশা করা যায়। এ বিষয়ে সুবিবেচনার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী, পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছি।

মো: ফারুক

মধ্যম হালিশহর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধযামিনী রায় : আধুনিক চিত্রকলার অন্যতম পথিকৃৎ
পরবর্তী নিবন্ধপুরস্কৃত হলেন দুই গুণী লেখক