বিশ্বকাপে প্যারাগুয়েকে হারানোর পর বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এ ঘটনায় প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিয়াকে ‘জঘন্য নারী’ বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। ফরাসি ফুটবল ফেডারেশনও (এফএফএফ) বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দীর্ঘ পোস্টে এমবাপ্পেকে আক্রমণ করেন। তার মতে, এমবাপ্পে ‘ক্যামেরুনীয় বংশোদ্ভূত উপনিবেশিত ব্যক্তি, যে মরিয়া হয়ে নিজেকে ফরাসি হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি তাকে ‘একজন বর্বর, যে লিখতেও শেখেনি’ বলেও কটাক্ষ করেন। এমনকি ম্যাচ শেষে প্যারাগুয়ের খেলোয়াড়দের এমবাপ্পেকে চড় মারা উচিত ছিল বলেও দাবি আমারিয়ার। যার জবাবে ফ্রান্স অধিনায়ক একটি বিবৃতি দিয়েছেন। যেখানে শুধু নিজের পক্ষেই নয়, প্যারাগুয়ে দলের খেলোয়াড়দের পক্ষেও অবস্থান নেন তিনি, ‘ম্যাডাম সেলেস্তে আমারিয়া, আপনি একজন জঘন্য নারী এবং আপনার পদে থাকার যোগ্য নন।
আপনি সেই প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেন না, যে দেশটি এই পুরো টুর্নামেন্টে আবেগ ও সম্মানের সঙ্গে লড়াই করেছে।’ এমবাপ্পে আরও লেখেন, ‘আপনার বেপরোয়া আচরণ এবং প্রকাশ্য বর্ণবাদের কারণে এই বিশ্বকাপে আপনার খেলোয়াড়রা যে ঐতিহাসিক সাফল্য ও সংগ্রাম দেখিয়েছে, তা মানুষ ভুলে গেছে। তার বদলে একজন অযোগ্য নারীর কারণে আপনার দেশের সবচেয়ে খারাপ চিত্রটাই সামনে এসেছে। আপনার মতো মানুষকে আমি কখনোই ঘৃণা ও বর্ণবাদ ছড়ানোর স্বাধীনতা দিতে রাজি নই।’












