ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। বিশ্বের বিভিন্ন টি–টোয়েন্টি লিগে নিয়মিত দেখা যাচ্ছে বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। এবার তার নতুন গন্তব্য নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল)। তৃতীয় আসরের জন্য সাকিবকে দলে নিয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স। দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় বাংলাদেশের সাবেক অধিনায়ককে স্বাগত জানিয়ে তাকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে উল্লেখ করেছে। তাদের বিশ্বাস, সাকিবের মতো তারকার অন্তর্ভুক্তি দলকে যেমন শক্তিশালী করবে, তেমনি লিগের আকর্ষণও বাড়াবে। এবারের আসরে পোখারা অ্যাভেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার অজন্তা মেন্ডিস। কোচ ও খেলোয়াড় দুই অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্বকে নিয়ে নতুন মৌসুমে বড় স্বপ্ন দেখছে দলটি। নেপাল প্রিমিয়ার লিগের যাত্রা শুরু হয় ২০২৪ সালে।











