পাঁচ দল নিয়ে আজ ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফট। তার আগে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। দুই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। তাদের সঙ্গে এই তালিকায় রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, রাসি ভ্যান ডার ডাসেন, রভম্যান পাওয়েল, মঈন আলী, অ্যালেক্স হেলস, জেসন রয় ও জেমস ভিন্সের মতো ক্রিকেটার। ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাস। এই ক্যাটাগরিতে থাকা উল্লেখযোগ্য বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন ডেভিড মালান, জেইডেন সিলস, সিকান্দার রাজা, রাইলি রুশো ও রিস টপলি। ড্রাফটের আগেই পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত হয়েছে।










