দেশের আমদানি–রপ্তানি বাণিজ্যের প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ইতিহাসে মে মাসে সর্বোচ্চ কন্টেনার হ্যান্ডলিংয়ের রেকর্ড সৃষ্টি করেছে। টার্মিনালটি চট্টগ্রাম বন্দরের তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের (সিডিডিএল) ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। গত মে মাসে এনসিটিতে ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং হয়েছে, যা এনসিটির ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। এর মধ্যে আমদানি পণ্যভর্তি ছিল ৫৯ হাজার ৮৫১ এবং রপ্তানির ছিল ৬৬ হাজার ৬৪৫ টিইইউএস কন্টেনার। টার্মিনালটিতে দৈনিক গড়ে ৪ হাজার ৮১ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং করা হয়েছে। এর আগে এনসিটির ইতিহাসে এক মাসে সর্বোচ্চ কন্টেনার হ্যান্ডলিংয়ের রেকর্ডটি হয়েছিল ২০২৫ সালের অক্টোবর মাসে। ওই মাসে ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং করা হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, গত বছরের ৭ জুলাই থেকে সিডিডিএল চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালের অপারেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর থেকেই টার্মিনালটির কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রমে গতিশীলতা ও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
সিডিডিএল জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজ পয়েন্ট, সিঅ্যাএন্ডএফ শেডসহ এনসিটির সব প্রবেশ ও বহির্গমন গেটে দায়িত্ব পালন করছে। এর ফলে কন্টেনার খালাস ও লোডিং প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি ত্বরান্বিত হয়েছে।











