বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল। দেড় দশকের সংগীতজীবনে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। চলচ্চিত্রের প্লেব্যাক শিল্পী হিসেবেও অর্জন করেছেন বিশেষ পরিচিতি ও জনপ্রিয়তা। দীর্ঘ পথচলায় সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের অনেক গুণী মানুষের সান্নিধ্য পেয়েছেন কোনাল। তাদের মধ্যে কিংবদন্তি অভিনেত্রী কবরীর স্মৃতি আজও তাকে আবেগাপ্লুত করে। কয়েক দিন আগে কবরীর সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন কোনাল বলেন, কবরী আপা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন। তার একটি চলচ্চিত্রে কাজ করার কথা ছিল। সেই সিনেমায় সাবিনা ইয়াসমীন ম্যাডাম সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন। চলচ্চিত্রটির জন্য আমি একটি গান রেকর্ড করি। গানটির রেকর্ডিংয়ের সময় ঘটে যায় একটি স্মরণীয় ঘটনা। কোনালের ভাষায়, গানের মধ্যে একটি হাসির অংশ ছিল। আমি বারবার চেষ্টা করছিলাম, কিন্তু হাসিটা কবরী আপার মনমতো হচ্ছিল না। তারপর তিনি নিজেই স্টুডিওতে চলে আসেন। স্মৃতিচারণ করে শিল্পী বলেন, কবরী আপা নিজের হাসি রেকর্ড করে আমাকে শুনিয়েছিলেন। এরপর বলেছিলেন, এই দেখো, এভাবে হাসবে। একজন কিংবদন্তি শিল্পী হয়ে তিনি কতটা আন্তরিক ছিলেন, এই ঘটনাই তার প্রমাণ। একজন শিল্পী হিসেবে নয়, একজন অভিভাবকের মতো আমাকে আগলে রাখতেন। কবরীকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কোনাল। তিনি বলেন, এখনো তাকে খুব মিস করি।












