ঋতুপর্ণাদের বাটলারের ছকেই রাখতে চান নতুন কোচ এরিক

কেইপিজেড মাঠে নারী ফুটবল দলের অনুশীলন

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৬:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আগামী মাসে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচ দুটিকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) সবুজ মাঠে নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন এখন নারী ফুটবল দলের সদস্যরা। সুরক্ষিত, নিরিবিলি ও মনোরম পরিবেশে নিজেদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে ঘাম ঝরাচ্ছেন জাতীয় দলের নারী ফুটবলাররা। আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে সফর করবেন বাংলাদেশের মেয়েরা। কেইপিজেডের পরিচ্ছন্ন ও সবুজে ঘেরা মাঠে গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল ফরাসি কোচ এরিক মেয়ারের তত্ত্বাবধানে চলছে প্রশিক্ষণ কার্যক্রম। গত ৩১ অক্টোবর থেকে কেইপিজেডে এই অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এখানে অবস্থান করে প্রশিক্ষণ চালিয়ে যাবে দলটি। নিয়মিত কোচ পিটার বাটলারের অনুপস্থিতিতে এক মাসের অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন ফরাসি কোচ এরিক মেয়ার। তাঁর অধীনেই সিঙ্গাপুর সফরের প্রস্তুতি নিচ্ছে দল।

জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ‘কেইপিজেডের মাঠে অনুশীলন করতে পেরে আমি এবং খেলোয়াড়রা খুবই খুশি। এখানকার সুন্দর ও শান্ত পরিবেশে অনুশীলনে পুরো মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে। সতীর্থদের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’ তিনি বলেন, দলের সবাই কঠোর পরিশ্রম করছেন। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচেই ভালো খেলার লক্ষ্য নিয়ে তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে কাঙ্খিত জয় পাওয়া সম্ভব বলে তিনি আশাবাদী। এদিকে ভিন্ন এক পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের দায়িত্ব পেয়েছেন এরিক মেয়ার। দায়িত্বের পরিধিও বড় নয়, মাত্র এক মাসের। এই অল্প সময়ে তিনি ঋতুপর্ণা–মারিয়াদের নিয়ে কোনো পরীক্ষা–নিরীক্ষায় যেতে চান না। বরং পিটার জেমস বাটলারের ছকেই দলকে খেলাতে চান। অসুস্থতার কারণে বাটলার ইংল্যান্ডে থাকায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে মেয়ারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।‘

খেলোয়াড়দের সম্পর্কে আমার কাছে অনেক তথ্য আছে; কোন খেলোয়াড় কোন পজিশনে খেলতে পারে তা দেখছি। পিটারের ছকেই চালিয়ে যাচ্ছি। কারণ শুরুতেই সবকিছু বদলে ফেলা যাবে না।’ দুটি প্রীতি ম্যাচ খেলতে আগামী ২৯ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। ম্যাচ দুইটি হবে ১ ও ৫ ডিসেম্বর। কেইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শাহজাহান বলেন, আমরা জাতীয় নারী ফুটবল দলের অনুশীলনের জন্য কেইপিজেডের মাঠ ব্যবহারের সুযোগ করে দিতে পেরে আনন্দিত। তাঁদের প্রস্তুতিতে সামান্য হলেও সহযোগিতা করতে পেরে কেইপিজেড কর্তৃপক্ষ গর্বিত। ভবিষ্যতেও দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলোয়াড়দের পাশে থাকার সুযোগ পেলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আগ্রহী।

পূর্ববর্তী নিবন্ধসেমিফাইনালে আইআইইউসি ও সাউদার্ন ইউনিভার্সিটি
পরবর্তী নিবন্ধসেমিফাইনালে পাকিস্তানকে নিয়ে সতর্ক জামাল ভূঁইয়া