উখিয়ায় বন্য হাতির পাল লোকালয়ে

দেড় ঘণ্টার চেষ্টায় সাত হাতিকে বনে ফেরাল বন বিভাগ

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে প্রবেশ করা সাত সদস্যের একটি বন্য হাতির পালকে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিরাপদে বনে ফেরত পাঠিয়েছে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি)। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার থাইংখালী বিটের চোরাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বনের ভেতর থেকে সাত সদস্যের হাতির একটি পাল লোকালয়ে প্রবেশ করেছে–এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ। পরে তার নেতৃত্বে বন বিভাগের কর্মী ও ইআরটি সদস্যরা সম্মিলিতভাবে হাতির পালটিকে লোকালয় থেকে সরিয়ে বনের দিকে ফেরত পাঠানোর চেষ্টা শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় তারা হাতিগুলোকে নিরাপদে বনে ফেরত পাঠাতে সক্ষম হন।

থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ বলেন, লোকালয়ে হাতির পাল প্রবেশের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে পৌঁছান। বন বিভাগের সহকর্মী ও ইআরটি সদস্যদের নিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে কোনো ধরনের ক্ষতি ছাড়াই হাতিগুলোকে বনে ফেরত পাঠাতে সক্ষম হয়েছেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বন্য হাতি তাদের স্বাভাবিক বিচরণক্ষেত্রের অংশ হিসেবে কখনো কখনো লোকালয়ে চলে আসে। এ সময় আতঙ্কিত হয়ে হাতির কাছাকাছি যাওয়া বা তাদের উত্ত্যক্ত করা বিপজ্জনক। হাতি লোকালয়ে প্রবেশ করলে দ্রুত বন বিভাগকে খবর দিতে হবে। তিনি আরও বলেন, হাতির নিরাপদ চলাচল নিশ্চিত করতে বন বিভাগ সতর্ক রয়েছে। বন্যপ্রাণী ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখা জরুরি।

পূর্ববর্তী নিবন্ধসিভাসু’তে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত হয়ে উঠল হিস্টোলজির সূক্ষ্ম জগৎ
পরবর্তী নিবন্ধমানবিক মূল্যবোধ না থাকলে প্রাতিষ্ঠানিক ডিগ্রির মূল্য নেই