ঈশা খাঁ দিঘিতে দেয়াল নির্মাণ বন্ধ করালেন ইউএনও

আজাদীতে সংবাদ প্রকাশের জের

রাউজান প্রতিনিধি | বুধবার , ১৩ মে, ২০২৬ at ৭:১২ পূর্বাহ্ণ

রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের ঈশা খাঁ দিঘির ভেতরে দেয়াল দিয়ে অবৈধভাবে স্থাপনা তৈরির চেষ্টা করা আবুল কাসেমকে ‘সরকারি জায়গায় দেয়াল দেওয়ার’ কারণ ব্যাখ্যা দিতে উপজেলা প্রশাসনে তলব করা হয়েছে। দিঘির ভেতর দেয়াল দেওয়ার সংবাদ গত ১১ মে দৈনিক আজাদীর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয়। সংবাদটি দেখে ওইদিন ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাত আরা বেগম ও সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল হুদাকে নিয়ে দেয়াল নির্মাণের অবস্থান দেখে নির্মাণকারীকে তার বক্তব্য জানাতে গতকাল উপজেলায় ডেকে পাঠান।

জানা যায়, ইউএনওর ডাকে দেয়াল নির্মাণকারী আবুল কাসেম উপজেলা পরিষদে গিয়ে দাবি করেন, কবরস্থানের জায়গা সংরক্ষণের জন্য তিনি দেয়াল দিচ্ছেন। ইউএনও কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত দেন। পরে কাগজপত্র পর্যালোচনা ও মাপ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দেবেন বলে জানানো হয়।

ইউএনও এস এম রাহাতুল ইসলাম বলেন, সরকারি জায়গায় কবরস্থান করার প্রয়োজন হলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিতে হবে। কেউ ইচ্ছে করলে সরকারি জায়গা দখল করতে পারে না।

পূর্ববর্তী নিবন্ধঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দে হাইকোর্টের নির্দেশ
পরবর্তী নিবন্ধসীমান্ত হত্যা বন্ধে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর কোনো উদ্যোগ নেই : পাটওয়ারী