ইয়ং, সন্দ্বীপ, আকুবদন্ডী ও চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারের জয়লাভ

একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:০৮ পূর্বাহ্ণ

সিডিএফএ মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব–১৩ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’ এর খেলায় জয় পেয়েছে ইয়ং ফুটবল একাডেমি, সন্দ্বীপ ফুটবল একাডেমি, আকুবদন্ডী ফুটবল একাডেমি ও চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ইয়ং ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪–৩ গোলে পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমিকে পরাজিত করে নিজেদের প্রথম জয় অর্জন করেছে। ইয়ং ফুটবল একাডেমি নিজেদের প্রথম খেলায় সন্দ্বীপ ফুটবল একাডেমির কাছে পরাজিত হয়। অন্যদিকে পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমি এই নিয়ে পরপর দ্বিতীয় পরাজয়ের মুখ দেখলো। গতকাল এ খেলার নির্ধারিত সময় ১–১ গোলে ড্র থাকে। ফলে ম্যাচের ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। ম্যাচে ইয়ং একাডেমির পক্ষে মো. ইফাজ ও পতেঙ্গার পক্ষে রবিউল ইসলাম জিসান গোল করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ইয়ং ফুটবল একাডেমির গোলরক্ষক ইসতিয়াক। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর তানভীর আহামেদ চৌধুরী। সকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে সন্দ্বীপ ফুটবল একাডেমি ১–০ গোলে অন্যতম ফেভারিট মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের গোলদাতা লোকান্তর মজুমদার। সন্দ্বীপ ফুটবল একাডেমি এই নিয়ে টানা দ্বিতীয় জয় পেয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে। শোভনীয়ার এটি প্রথম পরাজয়। প্রথম খেলায় তারা জয়লাভ করেছিল। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সন্দ্বীপ ফুটবল একাডেমি দলের লোকান্তর মজুমদার। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর হারুণ আল রশীদ। একই ভেন্যুতে দুপুরে অনুষ্ঠিত দিনের তৃতীয় খেলায় চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি এবং আকুবদন্ডী ফুটবল একাডেমির ম্যাচটি প্রথমে ২– ২ গোলে ড্র হয়। ফলে খেলার ফলাফল টাইব্রেকারে নির্ধারিত হয়। টাইব্রেকারে আকুবদন্ডী ফুটবল একাডেমি ৩–০ গোলে চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময়ে চট্টগ্রাম বিহঙ্গের গোলদাতা মো. এয়াকুব আলী, অপরটি ওন গোল মাহাথির হাসান মুরসির। অপরদিকে আকুবদন্ডীর পক্ষে মো. আব্বাস উদ্দিন মিনহাজ ও মো. ইবনে জোবায়ের সিয়াম গোল করে। আকুবদন্ডী পরপর দুই খেলায় জিতে ৬ পয়েন্ট পেয়েছে। বিহঙ্গ নিজেদের দুটি খেলাতেই পরাজিত হয়েছে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আকুবদন্ডীর মুনতাসির আলম। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সিরাজুল আলম। বিকালে দিনের চতুর্থ ও শেষ ম্যাচে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার ৩–১ গোলে এম সি এস ফুটবল একাডেমিকে পরাজিত করে। চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার এ নিয়ে পরপর দুই খেলায় জিতলো। তারাও ‘বি’ গ্রুপে ছয় পয়েন্ট পেয়েছে। অন্যদিকে এম সি এস ফুটবল একাডেমি পরপর দুটি খেলাতেই হেরেছে। ট্রেনিং সেন্টারের পক্ষে জাহিদ উদ্দিন সাদি, ইফতার হোসেন তানজিদ ও নবীন হাসান অনিক প্রত্যেকে ১টি করে গোল করে। এম সি এস ফুটবল একাডেমির গোলদাতা মো. সোহাগ। খেলার ম্যান অব ম্যাচ নির্বাচিত হয় চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারের জাহিদ উদ্দিন সাদির। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আখতারুজ্জামান। আজ ৩০ সেপ্টেম্বর টুর্নামেন্টের ৪টি খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে আবদুস সোবহান ফুটবল একাডেমি–সন্ধান স্পোর্টিং ফুটবল একাডেমি(সকাল–৯.১৫টা),স্বাধীন বাংলা ফুটবল একাডেমি–হাটহাজারী ফুটবল একাডেমি (সকাল–১০.৪৫টা),একরাম ফুটবল একাডেমি–রামপুর ফুটবল একাডেমি(দুপুর–২.১৫টা), কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি–দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি(বিকাল–৩.৪৫টা)। সব খেলা চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের পর প্রথম জয় পেল ব্রাজিল
পরবর্তী নিবন্ধচবিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল শিবির