বিশ্বকাপের পর নতুন অধ্যায়ে প্রথম জয়ের দেখা পেল ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে ড্র করার পর এবার ব্রাজিল জয় পেয়েছে ৪–২ গোলে। গতকাল ব্রিসবেনে সাতটি পরিবর্তন নিয়ে মাঠে নামে ব্রাজিল। ম্যাচে শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। পরে পিছিয়ে পড়লেও রাফিনিয়ার পেনাল্টিতে সমতায় ফেরে তারা। দ্বিতীয়ার্ধে ব্রুনো গিমারেস ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচের পর ফিফা আন্তর্জাতিক বিরতির শেষ ম্যাচ খেলতে ভারতের কলকাতায় যাবে ব্রাজিল। শনিবার বাংলাদেশ সময় সকাল ৮টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। ম্যাচের মাত্র দুই মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ভান্দেরসন। ডান প্রান্তে গাব্রিয়েল বনতেম্পোর সঙ্গে দারুণ বোঝাপড়ার পর তার দেওয়া সুযোগ কাজে লাগান এই ডিফেন্ডার। তবে ২৭ মিনিটে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে গোলরক্ষক অতাভিও বিপদমুক্ত করতে ব্যর্থ হন। এরপর ব্রাজিলের রক্ষণ থেকে বল পেছনে চলে গেলে সুযোগ কাজে লাগিয়ে হিলের স্পর্শে বল জালে পাঠান অস্ট্রেলিয়ার ডিফেন্ডার সারকাটি।
সমতায় ফেরার মাত্র পাঁচ মিনিট পরই এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ব্রাজিলের বক্সের বাইরে ধারাবাহিক পাসের পর মেটকাফ দূরপাল্লার দুর্দান্ত শটে দলকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন। পিছিয়ে পড়ে আক্রমণে আরও সক্রিয় হয় ব্রাজিল। দানিলোর ওপর ফাউলের কারণে পাওয়া পেনাল্টি থেকে সমতা ফেরান অধিনায়ক রাফিনিয়া। প্রথমার্ধ শেষ হয় ২–২ সমতায়। দ্বিতীয়ার্ধে নামার আগে অস্বস্তির কারণে মাঠ ছাড়েন রাফিনিয়া। তার জায়গায় আক্রমণভাগে নামেন এনদ্রিক। দ্বিতীয়ার্ধের ২৩ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। দানিলো ও ভিনিসিয়ুস জুনিয়রের তৈরি করা আক্রমণ থেকে এনদ্রিকের ক্রস কাজে লাগিয়ে গোল করেন ব্রুনো গিমারেস। এর ১০ মিনিট পর বক্সের মধ্যে ফাউলের শিকার হন ভিনিসিয়ুস জুনিয়র। এবার পেনাল্টি থেকে নিজেই গোল করেন তিনি। ফলে ৪–২ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।













