পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক সতর্ক করে বলেছেন যে, হৃদ্যন্ত্রের অপূরণীয় ক্ষতি এড়াতে ইমরানকে আগামী কয়েক দিনের মধ্যেই একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো জরুরি। ২০২৩ সালের অগাস্ট থেকে কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপে ভুগছেন। খবর বিডিনিউজের।
গত সোমবার তিনি একটি খোলা চিঠিতে দেশের শীর্ষ বিচারকদের কাছে আবেদন জানিয়েছেন এবং দাবি করেছেন যে, জরুরি চিকিৎসা সেবা না পেলে তিনি কারাগার থেকে জীবিত নাও ফিরতে পারেন। ৩০ বছরেরও বেশি সময় ধরে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করা ডা. ফয়সাল সুলতান পাকিস্তান কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন, যেন তাকে (ইমরান) যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর অনুমতি দেওয়া হয়। সুলতান সতর্ক করে বলেছেন, চিকিৎসায় দেরি হলে ইমরান খান গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ২০২৩ সালের অগাস্ট থেকে ৭৪ বছর বয়সী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের ১ দশমিক ৮ মিটার বাই ২ দশমিক ৪ মিটার মাপের একটি সেলে বন্দি রাখা হয়েছে।











