ইনার হুইল ব্লেজিং স্টারসের ‘বয়ঃ সন্ধিকালীন চ্যালেঞ্জ’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপনের অংশ হিসেবে ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টারসের উদ্যোগে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে গতকাল সোমবার, প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে ‘বয়ঃ সন্ধিকালীন চ্যালেঞ্জ (Challenges of adolescence)’ শীর্ষক একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বয়ঃসন্ধিকাল জীবনের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পর্যায়। এ সময়ে কিশোর–কিশোরীরা বিভিন্ন মানসিক, আবেগীয় ও সামাজিক পরিবর্তন এবং নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এসব বিষয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি, মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরা এবং তরুণ প্রজন্মকে একটি সহানুভূতিশীল ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে উৎসাহিত করাই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য। এতে একাদশ শ্রেণির প্রায় ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাফিকা আফরোজ। তিনি বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, আবেগীয় সুস্থতা এবং এ সময়ে তরুণদের সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যা ও তা মোকাবিলার উপায় সম্পর্কে আলোচনা করেন। প্রধান অতিথি ছিলেন ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের রেক্টর এবং এম এম ইস্পাহানি লিমিটেডের চিফ কো–অর্ডিনেটর (এডুকেশন) লে.কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী (অব.)। বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহমেদ শাহীন আলরাজী, সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মঈন উদ্দিন আহমেদ, চমেক শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্লাব প্রেসিডেন্ট ডা. সেলিনা হক এবং সেক্রেটারি ডা. সুলতানা রুমা আলম। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে একটি ব্যতিক্রমধর্মী ও অংশগ্রহণমূলক কার্যক্রম ‘প্ল্যানেট প্রবলেম সলভার্স চ্যালেঞ্জ’ (Planet Problem Solvers Challenges)। এতে আটটি গ্রহের নামে আটটি দল গঠন করা হয়েছে। প্রতিটি দল পরিবারে সম্পর্ক, আত্মপরিচয়, ঝুঁকি গ্রহণ, পড়াশোনার চাপ, সমালোচনা মোকাবিলা, সহপাঠীদের চাপ এবং মানসিক সহযোগিতার মতো কৈশোরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দলগত আলোচনা, অভিনয় ও সমস্যা সমাধানের মাধ্যমে নিজেদের ভাবনা তুলে ধরেছে। এ কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, সহমর্মিতা, যোগাযোগ দক্ষতা, পারস্পরিক সহযোগিতা এবং ইতিবাচকভাবে সমস্যা মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। পাশাপাশি, বেনামে প্রশ্ন করার সুযোগ এবং স্বেচ্ছামূলক অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হয়েছে যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশে কাউকে বাধ্য করা হবে না।

শেষে এদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।আয়োজকরা জানান, সমাজসেবা, নারী ও তরুণ প্রজন্মের ক্ষমতায়ন এবং মানবকল্যাণে ইনার হুইলের নিরবচ্ছিন্ন অঙ্গীকারেরই প্রতিফলন এই উদ্যোগ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধআইআইইউসির মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন