ইতিবাচক মূল্যবোধের আলোই দূর করে হিংসা-বিদ্বেষ ও অহংকার

বাসুদেব খাস্তগীর | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

হিংসা–বিদ্বেষ মানুষের চরিত্রের অত্যন্ত নেতিবাচক একটি দিক–যা মানুষকে ক্রমাগত একটি মানসিক রোগীতে পরিণত করে। এটি মানুষের মধ্যে সামাজিক ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি করে মনের শান্তিকে দূরে সরিয়ে দেয়। এই হিংসা–বিদ্বেষ শুধু ব্যক্তিগত সম্পর্ক না, সামাজিক বৈরিতা ও সংঘাতেরও জন্ম দেয়। আমাদের মনে রাখতে হবে এটি এক ধরনের সংক্রামক ব্যাধি। হিংসার উৎপত্তি মানুষের মনে এবং তা মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনায় প্রতিফলিত হয়। যেসব মানুষের মধ্যে হিংসা–বিদ্বেষ আমরা সচরাচর অবলোকন করি না তাদেরকে সবাই সাদা মনের মানুষ বলি। এটি মানুষের আচরণে প্রকাশ পায়। সাধারণত অহংকার, লোভ, পরশ্রীকাতরতা, হীনম্মন্যতা এবং প্রতিযোগিতা থেকে হিংসার উৎপত্তি ঘটে। সমাজে ব্যক্তিতে ব্যক্তিতে, পরিবারে পরিবারে, বংশে বংশে কিংবা সমাজে সমাজে আমরা নানা প্রতিযোগিতা দেখি। প্রতিযোগিতা খারাপ কিছু নয়, কিন্তু সে প্রতিযোগিতাটা হতে হবে ইতিবাচক। ইতিবাচক প্রতিযোগিতা মঙ্গলজনক। যেমন কারো কোনো সৃজনশীল কাজের প্রশংসা না করে বা তার চেয়ে ভালো একটা কিছু করার প্রবণতা পোষণ না করে কেউ যদি সে কাজের নানা খুঁত খুঁজেন বা সে কাজের পথে বাধা সৃষ্টির অপচেষ্টা করেন সেটা হচ্ছে নেতিবাচক প্রতিযোগিতা। এই নেতিবাচক প্রতিযোগিতা মানুষের মধ্যে হিংসা–বিদ্বেষের জন্ম দেয়। পক্ষগুলোর মধ্যে নেতিবাচক ইগো দেখা দিলে সেখানে একধরনের ঘৃণা বা হিংসার জন্ম হয়। সেখান থেকে জন্ম হয় কারো কোনো ভালো ইতিবাচক দিক সহ্য করতে না পারার প্রবণতাসহ আরো অনেক নেতিবাচক দিক। হিংসাকারীর হিংসার সর্বশেষ পরিণতি ধ্বংস। সমাজে এক সময় জমিদারি প্রথা ছিল, হয়তো এখন আর সেই জমিদারি প্রথা নেই। কিন্তু অর্থবিত্তে কিংবা জায়গা সম্পদে অনেকেই সমাজে এখনও জমিদারের হাবভাব নিয়ে বসবাস করেন। এখানে এ শ্রেণির মানুষের মধ্যে দুধরনের দৃষ্টিভঙ্গির দেখা মেলে। এক শ্রেণির মানুষ জায়গা সম্পত্তি কিংবা অর্থবিত্ত থাকা সত্ত্বেও এটার অহংকার মোটেও দেখান না। তাদের দৃষ্টিভঙ্গি থাকে মানবিক এবং সমাজের দশজনের উপকারার্থে নিজেকে সমর্পিত রাখার একটা ইতিবাচক মনোভাব এদের মধ্যে বিদ্যমান থাকে। শিল্পসাহিত্য সংস্কৃতি ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডে এদের পদাচারণা উজ্জ্বল। সমাজের গুণী ব্যক্তিত্বকে সম্মান করা, আচার আচরণ এবং ব্যবহারে তাদের অর্থবিত্ত বা জমিদারিত্বের কোনো মনোভাব দৃশ্যমান হয় না। এই শ্রেণির লোকেদের মধ্যে দেখবেন পড়াশুনা জ্ঞান গরিমায়ও তাঁদের অনেকেই দেশের গুরুত্বপূর্ণ পদে অধিষ্টিত ছিলেন বা আছেন। সমাজে ঠিক একই শ্রেণির মানুষদের মধ্যে যাদের জায়গা সম্পত্তি কিংবা অর্থবিত্ত থাকা সত্ত্বেও তাদের দৃষ্টিভঙ্গি থাকে অত্যন্ত নেতিবাচক। হিংসা–বিদ্বেষ আর পরশ্রীকাতরতায় ভরপুর থাকা এ মানুষদের মন অন্ধকারেই বিচরণ করে। সব থেকেও অন্যের ভালোকে পছন্দ না করা এদের যেন একটি স্বভাবজাত অভ্যাস।

হিংসা মানুষের সমস্ত ভালো কিছু অর্জনকে শেষ করে দেয়। সমাজে সামাজিক সুসম্পর্কের যে বন্ধন সে বন্ধন নষ্ট করে সমাজে এক ধরনের অস্থির স্নায়ুযুদ্ধের পরিবেশ তৈরি করে, যার ফলে ব্যক্তিতে ব্যক্তিতে বাড়ে কলহ–বিবাদ। হিংসাকারীর নিজের জীবনেও একসময় অস্থিরতা নেমে আসে, সে অস্থিরতা সে নিজেই সহজে মুক্তি পায় না। মানুষের জীবনে অন্যের ভালো দেখে খুশি হবার মন ও মানসিকতায় নিজেকে তৈরি করে নিতে হয়। মানুষ তার নিজের মধ্যে নিজের নিয়ন্ত্রণ, কৃতজ্ঞতাবোধ তৈরি করলে মন হয় কলুষমুক্ত। একটি কলুষমুক্ত মনই মন থেকে হিংসা বিদ্বেষ দূর করতে পারে। এই হিংসা–বিদ্বেষের বিষয়গুলোও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে প্রকাশ পাচ্ছে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া স্টেটের মিসৌরি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ‘যদি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারকারীদের মধ্যে হিংসাত্মক মনোভাব বেড়ে যায়, তবে তা থেকে বিষণ্নতা সম্পর্কিত নানা রকম মানসিক রোগের উপসর্গ দেখা যেতে পারে।’ সত্যিকার অর্থে হিংসা মানুষের মনে এক ধরনের বিষণ্নতা তৈরি করে এবং ধীরে ধীরে মানসিক রোগীতেও পরিণত করে। হিংসা লোভ অহংকার যেন পরষ্পর হাত ধরে চলে। একটি থেকে অন্যটির জন্ম হয়। হিংসা লোভের পাশাপাশি অহংকার মানুষকে তার মানবিক গুণাবলি থেকে বিচ্যুত করে দেয়। যে যার অবস্থান থেকে মানুষ নানা কারণে অহংকারী হয়ে ওঠে। বিশেষ করে অন্যের ভালো দেখতে না পারা অন্যের উত্তরণ সহ্য করতে না পারার যে প্রবণতা সেটা হলো হিংসা। আর অনেক মানুষ একটা পর্যায়ে গেলে হিংসা মনোবৃত্তির পিছনে নিজে এক ধরনের অহংবোধে ভোগেন। সবার ক্ষেত্রে আবার সেরকম হয় না। প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি কিংবা নিজের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে এরকম ঘটে। অহংকার মানুষের স্বভাবের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম একটি দিক। অহংকারের নেতিবাচক দিক এত বেশি যে মানুষ স্বাভাবিকভাবে নিজেই তা বুঝতে পারে না। অহংকারের রিপু দমন করে তা নিজের বা মানুষের মহৎ কাজে লাগানোর মধ্যেই মানুষের কৃতিত্ব। অহংকারের অপর নাম হচ্ছে নিজেকে বড়ত্ব করে দেখা। অন্যের চেয়ে নিজেকে বড় মনে করার যে অন্তর্নিহিত সুর, সেখানে কিন্তু পতনের ধ্বনিই উচ্চারিত হয়। মানুষের মধ্যে হিংসা–বিদ্বেষ, লোভ লালসা, অহংকার দূর করার জন্য সত্যিকার কোনো মেকানিজম নেই। যেটা করা দরকার যেটা হচ্ছে হচ্ছে একধরনের পারিবারিক ইতিবাচক মূল্যবোধ তৈরি করা। এই মূল্যবোধ তৈরির সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে কোনো সম্পর্ক নেই। অনেক সুশিক্ষিত ব্যক্তির মধ্যে মূল্যবোধের ঘাটতি দেখা যায়। আবার খুব সাধারণ মানুষের মধ্যে চমৎকার মূল্যবোধের উদাহরণ দেখি– যাদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো আলো নেই। মূল্যবোধের বোধটা আসতে হয় মানুষের অন্তর থেকে, পারিবারিক শিক্ষা থেকে। কারণ পরিবার হচ্ছে মানুষের প্রথম শিক্ষালয়। মূল্যবোধের ভিত্তি সুদৃঢ় হলে মানুষের মধ্যে হিংসা–বিদ্বেষ বা অহংকারের মত বিষয়গুলো দৃশ্যমান হয় না। পরিবারে প্রকৃত মূল্যবোধের চর্চা তৈরি করতে হলে আগে পরিবারের অগ্রজদের মূল্যবোধের চর্চা করতে হবে। তাহলে পরিবারের অপরাপর সদস্যদের মধ্যে মূল্যবোধ সম্পর্কে একটি ইতিবাচক ধারণার জন্ম হবে এবং সেই পরিবারের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্যে সেই মূল্যবোধের চর্চা অব্যাহত থাকবে। এই সুপ্রতিষ্ঠিত ইতিবাচক মূল্যবোধের আলোই দূর করে দিতে পারে মনের হিংসা–বিদ্বেষ ও অহংকার।

লেখক : প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, কলেজশিক্ষক।

পূর্ববর্তী নিবন্ধসম্পর্ক
পরবর্তী নিবন্ধলেখক ও বিপ্লবী অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান