জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, সামরিকীকরণসহ বিভিন্ন ইস্যুতে সরকারের ওপর চাপ বাড়াতে শুক্রবার ইউরোপের বিভিন্ন দেশে রাজপথে নামছেন বিক্ষোভকারীরা। খবর বাসস’র
অভিন্ন দাবিতে একাত্মতা প্রকাশ করে একই সময়ে সমন্বিত বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছেন তারা। ইউরোপের কয়েকটি দেশে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের ধারাবাহিকতায় এবার ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম, স্পেন, ইতালি, পর্তুগাল ও গ্রিসের শ্রমিক সংগঠন এবং আন্দোলনকর্মীরা শুক্রবার ও আগামী সপ্তাহান্তে একযোগে সমাবেশের ডাক দিয়েছেন। দেশভেদে বিক্ষোভের কারণ ও দাবি ভিন্ন হলেও লাখ লাখ মানুষকে রাজপথে নামিয়েছে এমন কিছু অভিন্ন সমস্যা। এর মধ্যে রয়েছে বাড়িভাড়া ও আবাসন ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি, শিক্ষার পরিবেশের অবনতি, দীর্ঘদিন ধরে মজুরি না বাড়া এবং সামরিক খাতে ব্যয় বৃদ্ধি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পাঁচ বছর পূর্তির কাছাকাছি সময়ে এবং স্পেন, ফ্রান্স, ইতালি ও গ্রিসে গুরুত্বপূর্ণ কয়েকটি নির্বাচনের আগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।









