রাশিয়ায় সামরিক ও শিল্প স্থাপনায় ইউক্রেইনের হামলায় ব্রিটিশ ড্রোন ব্যবহারের কথা নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ্যকে কড়া হুঁশিয়ারি দিয়েছে মস্কো। বিবিসি লিখেছে, যুক্তরাজ্য ইউক্রেন সংকট বাড়িয়ে তুলতে জেনেশুনে পথ বেছে নিয়েছে অভিযোগ করে ক্রেমলিন সতর্ক করে দিয়ে বলেছে, এর জন্য লন্ডনকে পরিণতি ভোগ করতে হবে। খবর বিডিনিউজের।
লন্ডনে অবস্থিত রাশিয়ার দূতাবাস এক বিবৃতিতে বলেছে, এর মাধ্যমে (ইউক্রেনকে সহযোগিতা) যুক্তরাজ্য রক্তক্ষয়ী অপরাধ ও সন্ত্রাসী হামলার সহযোগী ও সহ–সংগঠক হিসেবে কাজ করছে। বিবৃতিতে আরও বলা হয়, লন্ডনের এই ধরনের পদক্ষেপের পরিণতি অবশ্যম্ভাবী এবং তাদেরকে এর জবাব দিতে হবে। ইউক্রেন সংঘাতে যুক্তরাজ্যের অংশগ্রহণ যত গভীর হবে, তাদেরকে এর জন্য তত বড় মূল্য দিতে হবে। তবে রাশিয়ার হুঁশিয়ারির পরও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নাম বলেছেন, তার দেশ ইউক্রেনকে একশত ভাগ (১০০%) সমর্থন দিয়ে যাবে। তিনি বলেন, আমরা সুসময়ের বন্ধু নই, ইউক্রেনের বিপদের দিনে আমরা পাশে থাকব এবং এই অবস্থানের কোনও পরিবর্তন হবে না। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (এমওডি) এক মুখপাত্রও বিবিসি–কে বলেছেন, যুক্তরাজ্য ইউক্রেনের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, ইউক্রেন ও আমাদের মিত্রদের ওপর রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে এই সরকারের দৃঢ় অবস্থানের বিষয়ে রাশিয়ার কোনও সন্দেহ থাকা উচিত নয়।












