দেশের ব্যাংকিং খাতে সুশাসন ও পুনর্গঠন প্রক্রিয়ার ধারাবাহিকতায় নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নয়ন এবং পরিচালন কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক পুরোনো উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের মধ্য থেকে ১৪ জন পরিচালককে নতুন করে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করেছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন স্বতন্ত্র পরিচালকদের তত্ত্বাবধানে পরিচালিত ব্যাংকটির পরিচালনা কাঠামোয় উদ্যোক্তা পরিচালকদের অংশগ্রহণ পুনঃপ্রতিষ্ঠিত হলো।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর নতুন ১৪ জন পরিচালক যুক্ত হওয়ায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। নতুন উদ্যোক্তা পরিচালকদের পাশাপাশি পূর্বের স্বতন্ত্র পরিচালকরাও পর্ষদে বহাল থাকছেন, ফলে অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতার সমন্বয়ে একটি শক্তিশালী পরিচালনা কাঠামো গড়ে উঠেছে।
নতুন পরিচালনা পর্ষদে রয়েছেন খলিলুর রহমান, বদিউর রহমান, এনায়েত উল্লাহ, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ, কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ এবং কেওয়াই স্টিল মিলসের প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তাসলিম। স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখছেন খাজা শাহরিয়ার, মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, এম. আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নবগঠিত ১৯ সদস্যের পরিচালনা পর্ষদ শিগগিরই পরস্পরের সম্মতিক্রমে ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচন করবে, যিনি আগামী দিনের নেতৃত্ব প্রদান করবেন। প্রেস বিজ্ঞপ্তি











