২ নম্বর গেইটে ২ ঘণ্টা সড়ক অবরোধ, বিক্ষোভ এইচএসসি পরীক্ষার্থীদের

ছয় দফা দাবি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

নগরীতে ছয় দফা দাবিতে প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। গতকাল বিকালে ২ নম্বর গেইট এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যার দিকে সড়ক ছেড়ে চলে যান শিক্ষার্থীরা। এর আগে দেওয়া বক্তব্যে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

অফিস ছুটির সময়ে অনুষ্ঠিত অবরোধের কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সিডিএ অ্যাভিনিউ ও বায়েজিদ বোস্তামী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধ পেরিয়ে যেতে চাইলে কয়েকজন মোটরসাইকেল আরোহী ও বাস চালকের সঙ্গে শিক্ষার্থীদের বাক বিতণ্ডার ঘটনাও ঘটে। অবরোধ শেষে আন্দোলনকারী শিক্ষার্থী মুনতাসির রহিম জানান, ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে ছয় দফা দাবিতে মঙ্গলবার থেকে আমাদের আন্দোলন চলছে। সরকার ৬ দফা দাবি মেনে নিয়ে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছে বলে শুনেছি। এরপর আমরা অবরোধ তুলে নিয়েছি। যদি দাবিগুলো বাস্তবায়ন না হয় তাহলে পরে আমরা আবার আন্দোলনে যাব। ছয় দাবি হলোদুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে চায়, তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে। যারা একই বিষয়ের পরীক্ষা পুনরায় দেবে, তাদের ক্ষেত্রে আগের ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বর চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে। প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দিতে হবে। চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের মানসিকভাবে স্থিতিশীল হওয়ার জন্য কিছু সময় দিয়ে এরপর পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন আনা হয়েছে, যা আগের বছরের তুলনায় শিক্ষার্থীদের কাছে অপরিচিত ছিল। এ বিষয়টি বিবেচনায় নিয়ে নম্বর মূল্যায়ন করতে হবে। পরীক্ষা চলাকালে কিছু শিক্ষকের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে, যাতে পরীক্ষার্থীরা ভীত না হয় বা মানসিক চাপে না পড়ে।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ
পরবর্তী নিবন্ধচবি ছাত্রীর শ্লীলতাহানি, দোকান কর্মচারীকে পুলিশে দিল সহপাঠীরা