দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ছোঁয়াচে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এবং সংক্রমণের উপসর্গ নিয়ে প্রাণহানি ৯০০ ছাড়াল। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরও ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়েছে ৭২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৮০৩ জন প্রাণ হারিয়েছে। গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যারা মারা গেছে, তাদের মধ্যে ছয় জনই ঢাকা বিভাগের। বাকি দুই জন সিলেটে বিভাগের। শুধু ঢাকা জেলায় মারা গেছে পাঁচ জন। খবর বিডিনিউজের।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৫২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৩২ জন। এছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৭, ময়মনসিংহে ৭২, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছে ৭২৮ জন। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৭০০ জন। ঢাকা বিভাগে ২৭৭ জন, রাজশাহীতে ২০, সিলেটে ৬৩, চট্টগ্রামে ২১৯, বরিশালে ৫৪, ময়মনসিংহে ৩০, খুলনায় ২৫ ও রংপুরে ১২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ২৩ হাজার ৪৯৪। তাদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন হাসপাতাল ছেড়েছে। আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬। আর নিশ্চিত হাম রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮০০ জনে।












