যে যৌবনে আমি ছিলাম
তোমার আরাধনার জায়নামাজ
সে–যৌবন এখন নষ্ট হয়েছে!
তুমি গিয়েছো কতদূর?
শেষ হয়েছে কি রাত দুপুর?
এখনও কি বাজে পায়ের নূপুর?
তোমার প্রার্থনা কবুল হয়নি,
আমিও পৃথিবীর বাইরে যাইনি,
তোমারও হইনি।
কোনো নির্জন অরণ্যের ঝর্নাধারায়
মৃত চোখ ফোটায়নি কোনো ফুল।
তোমার চোখের জল
জমে জমে সাগর হয়েছে,
সেখানে বাস করে কত লক্ষ কোটি প্রাণ!
কেবল আমি নেই কোথাও! কোনোখানে!







