আমিরাতে নিয়ন্ত্রণ হারিয়ে ২৩ গাড়িতে ট্রাকের ধাক্কা, নিহত ১৪

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১১:৩৩ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের একাধিক গাড়ির সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। গত বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বুধবার মধ্যরাতের কিছু আগে ফুজাইরাহর প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় সড়কে যানবাহনের গতি ছিল ধীর। খবর বাংলানিউজের।

প্রাথমিকভাবে জানা গেছে, একটি ট্রাক প্রথমে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গিয়ে সামনে থেমে থাকা কয়েকটি যানবাহনে আঘাত করে। এ দুর্ঘটনায় মোট ২৩টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাঁচটি ছিল ট্রাক। সংঘর্ষের পর একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে সেই আগুন আশপাশের কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে। এতে হতাহতের সংখ্যা বাড়ে। ফুজাইরাহ পুলিশ জানিয়েছে, আহত ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। বাকিরা এখনো চিকিৎসাধীন। নিহতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধ যখন সাংবাদিকদের নিজেদের জীবনেও আঘাত হানে