চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইমলাম মিঞা বলেছেন, বর্তমানে দেশে যত খুন, হত্যা ও অপরাধ হচ্ছে, প্রায় সব ক্ষেত্রেই মাদকের কারণ দেখা যাচ্ছে। তাই আমরা মাদক দেখতে চাই না। আমরা দেশকে একটি নিরাপদ গন্তব্যে নিতে চাই। নিরাপদ গন্তব্যে নিতে হলে কোনো মাদকসেবীকে দেখতে চাই না।
সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার দুপুর তিনটায় মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল স্কুল মাঠে মাদকবিরোধী সমাবেশটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বলেন, আমরা প্রতিদিন দেখছি, মাদকাসক্তির কারণে সন্তান তার বাবা–মাকে খুন করছে। আবার বাবা–মাও সন্তানকে মেরে ফেলছেন। আমরা তো এমন সমাজ চাই না। আমরা একটি সুস্থ সমাজ চাই। কেন আমরা প্রতিবাদ করতে পারি না? আমরা কি জানি না, কোনটি সমাজের জন্য ক্ষতিকর? তারপরও কেন চোখ বন্ধ করে রাখি, দেখেও দেখি না? তাই আমাদের চোখ খুলতে হবে। যদি চোখ খুলতে না পারি, তাহলে একসময় সমাজ অন্ধকার হয়ে যাবে। আর অন্ধকার সমাজে কোনো কিছু তৈরি হতে পারে না, কোনো কিছুর সৃষ্টি হতে পারে না। আলো ছড়াতে হবে। তিনি বলেন, আমরা আইনগতভাবে শক্ত অবস্থান গড়ে তুলতে বলেছি। জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। প্রশাসনের কার্যক্রম এবং আইনের প্রয়োগ চলবে। কিন্তু শুধু আইনের প্রয়োগ দিয়ে মাদক বন্ধ করা যাবে না। এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ পরিদর্শন করেন। এ সময় সীতাকুণ্ড উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সীতাকুণ্ডে বসবাসরত ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আর্থিক অনুদানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও কৃষি সামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মৎস্য অফিসার মোতাছিম বিল্লাহ ও সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি, সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, শিক্ষা অফিসার মো. গোলাম রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা কল্লোল বড়ুয়াসহ অনেকে।












