আর ১৯ দিন পর বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। তবে আপাতত ঠিকঠাক নেই সেসবের কিছুই। বিভিন্ন সূত্রের খবর, আরও এক দফায় স্থগিত হতে চলেছে সিরিজটি। পুরোপুরি বাতিল অবশ্য হচ্ছে না। বরং উপযুক্ত নতুন সময় নিয়ে আলোচনা চলছে দুই দেশের বোর্ডের। তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলতে আগামী ২৮ অগাস্ট বাংলাদেশে আসার কথা বিরাট কোহলি, রোহিত শর্মা, শুবমন গিলদের। আইসিসি ভবিষ্যৎ সফর সূচির অংশ এই সিরিজটি হওয়ার কথা ছিল গত বছরের অগাস্টে। কিন্তু দুই দেশের রাজনৈতিক বাস্তবতায় সিরিজটি পিছিয়ে যায়। এবার সিরিজটি নিয়ে দুই বোর্ডের ইতিবাচক আলোচনা চলছিল বেশ কিছু দিন ধরেই। কিন্তু দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন সমপ্রতি নতুন মোড় নেওয়ায় শেষ পর্যন্ত ক্রিকেটে সেই প্রভাব পড়ছে। গত মাসে স্কটল্যান্ডে আইসিসি সভায় আইসিসি সভাপতি জয় শাহ ও বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বিসিবি সভাপতি তামিম ইকবালের ইতিবাচক আলোচনা হয়েছিল বলে জানা গেছে। কদিন আগে দুবাইয়ে আইসিসি ফ্র্যাঞ্চাইজি কমিটির একটি সভার সময়ও ভারতীয় বোর্ডের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা হয় তামিমের। বিসিবি সূত্রে জানা গেছে, এই সফর নিয়ে ভারতীয় বোর্ডের আপত্তি না থাকলেও তারা তাকিয়ে ছিল সরকারের দিকে। বিসিবিও অপেক্ষা করছিল দুই দেশের সরকারের আলোচনার ওপর। তবে গত বুধবার নয়া দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন ও এরপর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ার পর ব্যাপারটি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুই বোর্ডও তখন অনুভব করতে পারছিল, এই সময়ে আর সিরিজটি সম্ভব নয়। সিরিজ প্রায় দুয়ারে চলে এলেও নানা অনিশ্চয়তার কারণেই টিভি সমপ্রচার থেকে শুরু করে অন্যান্য প্রক্রিয়ায় কিছুই প্রায় এগোয়নি। যদিও সেসবের সময় এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি, তবে আপাতত আর প্রয়োজন পড়ছে না বলেই খবর। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এই মুহূর্তে দুই দেশের রাজনৈতিক বাস্তবতার মধ্যে ক্রিকেটীয় আলোচনার প্রেক্ষাপটই নেই। বিসিবি সূত্রে জানা গেছে, নতুন সময় খুঁজতে শিগগিরই দুই দলের বোর্ড আলোচনায় বসবে। এবার বিপিএল না হলে ডিসেম্বর বা জানুয়ারিতে হতে পারে সম্ভাব্য একটি সময়, যদি ভারতীয় বোর্ডের আপত্তি না থাকে। বিপিএল হলে বা ওই সময় অন্য কোনো বাধা থাকলে পরে কোনো উপযুক্ত বের করা হবে। এছাড়াও সামনের ভবিষ্যৎ সফর সূচিতে (এফটিপি) এটি পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও মিলতে পারে বলে আভাস মিলেছে। সেটি হতে পারে একাধিক সফর বা টুর্নামেন্ট কিংবা সিরিজ দিয়ে ভারতের ক্রিকেট দলের এই সফর পিছিয়ে যাওয়ার প্রভাব পড়তে পারে ফুটবলেও। আগামী নভেম্বরে ঢাকায় হওয়ার কথা সাফ ফুটবল। সেখানে ভারতীয় দলের অংশগ্রহণ নিয়ে এখন শঙ্কার কারণ আছে যথেষ্টই।












