আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায়

এম আনোয়ার হোসেন | সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:৪০ পূর্বাহ্ণ

রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমারে গণহত্যার শিকার হয়েছে। ডিজিটালাইজেশনের সুবাদে আমরা ফেসবুক, ইউটিউবে তা দেখেছি। যদিও ফেসবুক কর্তৃপক্ষ এই সমস্ত ভিডিও মুছে দিয়েছে। কিন্তু আমরা তাৎক্ষণিক সাক্ষী হয়েছি। আধুনিক প্রযুক্তির সুবাদে গোটা বিশ্ব সাক্ষী হয়েছে। এই সবের বাইরে গিয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত, বিভিন্ন তথ্য–উপাত্তের ভিত্তিতে আজ ঐতিহাসিক রায়ে গণহত্যা প্রমাণিত হয়েছে। গত ১৯ নভেম্বর ২০২৬ এক ঐতিহাসিক দিন। এ দিন হেগের পিস প্যালেসে বসে বিশ্বের সর্বোচ্চ আদালত এক ঐতিহাসিক রায় দিয়েছে। আইসিজের প্রধান বিচারক ইউজি ইওয়াসাওয়া রায়ে উল্লেখ করেছেন, গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের আওতায় থাকা বাধ্যবাধকতা লঙ্ঘন করে মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে রায়ে। আন্তর্জাতিক আদালতের এই ঐতিহাসিক রায় শুধু রোহিঙ্গাদের জন্য নয়, সমগ্র মানবতার ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।

পিস প্যালেসের এই যুগান্তকারী রায়ে বিশ্ববাসীর হৃদয়ে শিহরণ জাগিয়ে তুলেছে। গোটা পৃথিবীর মধ্যে আজ মিয়ানমার রাষ্ট্রীয় অপরাধী। অপরাধ জঘন্য হলে আমাদের দেশীয় আদালতে ফাঁসির রায় হয়। কিন্তু এখানে রাষ্ট্রের বিরুদ্ধে ফাঁসি হয় না। পৃথিবীর অনেক দেশে ফাঁসি নেই। কিন্তু আইসিজে রাষ্ট্রের অপরাধের পাশাপাশি মিয়ানমারে গণহত্যায় সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচারের নির্দেশ প্রদান করেছে। এই পিস প্যালেস হচ্ছে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে। জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের মধ্যে এটিই একমাত্র অঙ্গ, যা নিউইয়র্কের বাইরে অবস্থিত। এই আদালতে ১৫ জন স্বাধীন বিচারক থাকেন। একই দেশ থেকে দুজন বিচারক থাকতে পারেন না। বিচারকদের মেয়াদ ৯ বছর। প্রতি ৩ বছর পরপর এক–তৃতীয়াংশ (৫ জন) বিচারক জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের ভোটে নির্বাচিত হন। জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্র স্বয়ংক্রিয়ভাবে আইসিজের সংবিধির পক্ষভুক্ত। ব্যক্তিগত পর্যায়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগের বিচারের জন্য রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এর সদর দপ্তরও হেগে অবস্থিত। মিয়ানমারের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ৯–৬ ভোটে রায় দিয়েছে। এ রায়ে উল্লেখ করা হয়েছে, মিয়ানমার ২০১৭ সালে উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম আদালত কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করল। হলোকাস্টের পর আন্তর্জাতিক আদালতে গণহত্যার আইনি মানদণ্ড পূরণের স্বীকৃতি এ নিয়ে মাত্র চতুর্থবার।

২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ গাম্বিয়া ৫৭ সদস্যের ওআইসির পক্ষে মামলাটি করেছিল। প্রায় সাত বছর ধরে শুনানির পর এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়। আদালত বলেছে, “মিয়ানমারের কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসঙ্গত ব্যাখ্যা হলো, সুরক্ষিত গোষ্ঠীটির একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়।” এই গণহত্যা নিয়ে মিয়ানমার দাবি করে আসছে, এটি ছিল ‘সন্ত্রাসবিরোধী অভিযান’। আদালত সেই যুক্তি খারিজ করে দিয়েছে।

আন্তর্জাতিক আদালত রায় দিয়ে মিয়ানমারকে রোহিঙ্গা বিষয়ে নির্দেশ দিয়েছে। এই সমস্ত নির্দেশনার অন্যতম–১) গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দিতে আইন প্রণয়ন করতে হবে। ২) সন্দেহভাজনদের তদন্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। ৩) এই জঘন্য ঘটনার পুনরাবৃত্তি না ঘটার নিশ্চয়তা দিতে হবে। ৪) বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন করতে হবে। ৫) প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করতে হবে। ৬) রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে, যার পরিমাণ পরে নির্ধারণ করা হবে। ৭) রোহিঙ্গাদের পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে। আন্তর্জাতিক আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। বরং ঐতিহাসিক রায় বাস্তবায়নে মিয়ানমারকে এগিয়ে আসতে হবে। এই আন্তর্জাতিক আদালতের রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিল করা যায় না। রায়গুলো আইনত বাধ্যতামূলক হলেও আদালতের নিজস্ব কোনো বলপ্রয়োগ বা বাস্তবায়ন বাহিনী নেই। কোনো রাষ্ট্র রায় না মানলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যেতে পারে। অবশ্য এরই মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। রায়ের পরপরই জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, আদালতের এই সিদ্ধান্ত মেনে নিয়ে মিয়ানমারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রীও এক বিবৃতিতে জানিয়েছেন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। পাশাপাশি লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কার করেছে দেশটি। এ ছাড়া আরও কিছু পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। মিয়ানমারকে জবাবদিহিতার আওতায় আনার কথাও বলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী রাষ্ট্র বাংলাদেশ এই রায়কে ঐতিহাসিক রায় হিসেবে উল্লেখ করে স্বাগত জানিয়েছে। পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করে দ্রুত মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছে।

১৯৪৮ সালের ৪ জানুয়ারি ব্রিটিশ শাসন থেকে বার্মা তথা মিয়ানমার একটি স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু প্রায় সেই থেকে মিয়ানমারে সংখ্যালঘু হিন্দু, মুসলিম সুখে–শান্তিতে বসবাস করতে পারেনি। ফলে রাষ্ট্র হিসেবে মিয়ানমার অনেকটা ব্যর্থ। সুতরাং এই ব্যর্থ রাষ্ট্রকে নিয়ে জাতিসংঘকে আরও ভাবতে হবে। ভাবতে হবে চীন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সমপ্রদায়কে। প্রয়োজনে রোহিঙ্গাদের স্বায়ত্তশাসনের বিষয়ে চিন্তা করতে হবে। যেহেতু রাষ্ট্রহীন রোহিঙ্গা জনগোষ্ঠীর ভবিষ্যৎ অন্ধকার। এই অন্ধকার থেকে রোহিঙ্গাদের আলোতে নিয়ে আসার দায়িত্ব আধুনিক বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক সমপ্রদায়ের। আধুনিক সভ্য সমাজে সন্ত্রাসবাদ চলতে পারে না। এদিকে রায় নিয়ে গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা বারো এক বিবৃতিতে ন্যায়বিচারের জন্য রায়ের দিনকে এক ঐতিহাসিক দিন বলে উল্লেখ করেন তিনি।

আজ কক্সবাজারের ক্যাম্পে বসে যে মা এই রায় শুনে চোখের পানি ফেলেছেন, তিনি এখনো জানেন না কবে নিজের ভিটায় ফিরতে পারবেন। তবু এই রায়ের মূল্য কম নয়। নয় বছর ধরে রোহিঙ্গারা যে সত্যটা বলে আসছিলেন, বিশ্বের সর্বোচ্চ আদালত আজ সেই সত্যকে আইনি স্বীকৃতি দিল। এটি এখন আর ‘অভিযোগ’ নয়, এটি ‘প্রমাণিত গণহত্যা’। এই রায় বাংলাদেশের জন্যও তাৎপর্যপূর্ণ। লক্ষ লক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতার নজির স্থাপন করেছে, এই রায় তার নৈতিক ভিত্তিকে আরও শক্ত করল। এখন আন্তর্জাতিক সমপ্রদায়ের দায়িত্ব হলো, এই রায়কে কাগজে আটকে না রেখে প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও বিচারের বাস্তব পদক্ষেপে পরিণত করা। ইতিহাস একদিন জিজ্ঞেস করবে, রায়ের পর বিশ্ব কী করেছিল? উত্তরটা যেন লজ্জার না হয়।

লেখক: প্রাবন্ধিক, কলামিস্ট, নাগরিক ও মানবাধিকার কর্মী

পূর্ববর্তী নিবন্ধপারিবারিক শিক্ষাই জীবনের শ্রেষ্ঠ শিক্ষা
পরবর্তী নিবন্ধযন্ত্রমগজের জাদুকরি সত্তা ও মানুষের সৃজনশীল মেধার লড়াই