আনোয়ারায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনোয়ারা উপজেলায় ২০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মহিন উদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আইয়ূব খান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ মহসিন, বন বিভাগের প্রতিনিধি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে শিক্ষার্থী ও যুব সমাজকে বড় ভূমিকা পালন করতে হবে। কর্মসূচির অংশ হিসেবে ১১ ইউনিয়নে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ২০ হাজারের অধিক ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি আরো বিভিন্ন জাতের ১ হাজার ৮০০ গাছের চারা বিতরণ করা হবে।












