আনোয়ারায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৬:২৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে গণধর্ষণের মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ ফারুককে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামের হাড়িয়াপাড়া এলাকার আজিজুল হকের ছেলে।

থানা সূত্র জানায়, রায়পুর হাশেমিয়া মাদ্রাসার ওই শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় গত ২ মে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় আবু তাহের (৪২), রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), মোহাম্মদ ফারুক (২৪) ও আনোয়ার হোসাইনকে (২২) আসামি করা হয়। মামলার প্রায় এক মাস পর অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করা হয়।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশের দীর্ঘ প্রচেষ্টার পর মামলার অন্যতম আসামি ফারুককে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

পুলিশ জানায়, গত ২৭ এপ্রিল রাত ১০টার দিকে রায়পুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় ভুক্তভোগী শিক্ষার্থী তার খালার বাসা থেকে একই এলাকার খালাতো বোনের বাসায় যাওয়ার পথে এ ঘটনার শিকার হয়।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে নির্দেশনা
পরবর্তী নিবন্ধশাহ আমানতে ৩৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ