চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৩৪ লাখ টাকা দামের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটের তিন যাত্রীর লাগেজ এবং মালিকবিহীন ব্যাগেজ থেকে মোট ১ হাজার ৬৯৮ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। গত রোববার রাতে বিমানবন্দরের আন্তর্জাতিক অ্যারাইভাল টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানিয়েছে, রোববার রাত সাড়ে ৮টা নাগাদ বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, এভিয়েশন সিকিউরিটি ও বিমানবন্দর কাস্টমসের সমন্বয়ে গঠিত একটি দল ইন্টারন্যাশনাল অ্যারাইভাল লাউঞ্জের ৩ নম্বর গেট এলাকায় অভিযান চালায়। এ সময় শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার জি–৯–৫২০ ফ্লাইটের তিন যাত্রী যথাক্রমে লক্ষ্মীপুরের রামগঞ্জের মোস্তফা কামাল সুমন, চট্টগ্রামের হাটহাজারীর আব্দুল্লাহ তালুকদার এবং রাঙ্গুনিয়ার নাসির উদ্দীন তালুকদারের লাগেজ তল্লাশি করে ১ হাজার ২ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে লাগেজ বেল্টে মালিকবিহীন অবস্থায় ঘুরতে থাকা একটি ব্যাগেজ থেকে আরও ৬৯৬ কার্টন সিগারেট পাওয়া যায়। ‘মন্ড’ ও ‘ম্যানচেস্টার’ ব্র্যান্ডের ১ হাজার ৬৯৮ কার্টন সিগারেটের দাম ৩৩ লাখ ৯৬ হাজার টাকা বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল জানান, উদ্ধার করা পণ্য কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি অব্যাহত রয়েছে বলেও তিনি জানিয়েছেন।












