আনোয়ারায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি মো. শিবলু ওরফে ‘বুলেট শিবলু’ (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে হেটিখাইন গ্রামের আবুল হাসেমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সমপ্রতি মাদ্রাসার এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত এবং তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে শিবলুর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় জামিনে আসার পর গত ১ অক্টোবর প্রতিবেশী মো. রুবেল (৩৮) ও তার বাবা তমিজ আহম্মদকে (৬৫) প্রকাশ্যে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় আরেকটি মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় পাঁচলাইশ মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়। ওই মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে প্রধান আসামি করে ৯৫ জনের নাম উল্লেখ করা হয়।
মামলার এজাহারে শিবলু ৬৯ নম্বর আসামি। এর আগে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি অস্ত্র সদৃশ বস্তু হাতে শিবলুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, তার বিরুদ্ধে কথা বললে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হতো। ফলে ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতেন না।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশের বিশেষ অভিযানে মো. শিবলু ওরফে বুলেট শিবলুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, প্রতিবেশীকে মারধর ও মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের ঘটনাসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ প্রতিবেশীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।










