আকাশে তারার চেয়ে স্যাটেলাইটই বেশি, উদ্বেগে জ্যোতির্বিজ্ঞানীরা

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:৫৮ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যের অধিকাংশ শহরের রাতের আকাশে এখন খালি চোখে দৃশ্যমান তারার চেয়ে স্যাটেলাইটের সংখ্যাই বেশি বলে উঠে এসেছে সামপ্রতিক এক গবেষণায়। এই বিশ্লেষণটি চালিয়েছে প্রকৌশল যন্ত্রাংশ সরবরাহকারী কোম্পানি অ্যাকু কম্পোনেন্টস। খবর বিডিনিউজের।

এতে অক্টোবরে টানা সাত রাত ধরে পৃথিবীর দুই হাজার কিলোমিটার উচ্চতার কক্ষপথের নিচে প্রদক্ষিণরত ১৫ হাজারের বেশি সক্রিয় স্যাটেলাইটের গতিপথ পর্যবেক্ষণ করা হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট। গবেষণায় দেখা গেছে, রাতের যে কোনো মুহূর্তে আকাশের বুক চিরে ৭০০টিরও বেশি স্যাটেলাইট অতিক্রম করছে, যা মাঝারি মাত্রার আলোক দূষণযুক্ত এলাকায় খালি চোখে যতগুলো তারা দেখা যায়, তার চেয়েও বেশি। অ্যাকু কম্পোনেন্টসের প্রতিবেদন বলছে, যুক্তরাজ্যের রাতের আকাশ গত ৬০ বছরে যতটা বদলেছে, তার চেয়ে বেশি বদলেছে গত সাত বছরে। আরও বড় বড় স্যাটেলাইট নেটওয়ার্ক বা মেগা–কনস্টেলেশন মহাকাশে পাঠানোর পরিকল্পনা থাকায়, প্রতি রাতে অতিক্রম করা স্যাটেলাইটের সংখ্যা কেবল বাড়তেই থাকবে। সামপ্রতিক বছরগুলোতে স্যাটেলাইট নেটওয়ার্কের দ্রুত বিস্তারের হিসেবে, পুরো এক রাতে যুক্তরাজ্যের গড়পড়তা একটি শহরের ওপর দিয়ে প্রায় ১৩ হাজার ভিন্ন ভিন্ন স্যাটেলাইট অতিক্রম করে। এ ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ইলন মাস্কের মহাকাশভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংক। পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা মোট সক্রিয় স্যাটেলাইটের দুই–তৃতীয়াংশেরও বেশি স্পেসএক্সের অধীনে। বর্তমানে মহাকাশে ২০ হাজারেরও বেশি সক্রিয় স্যাটেলাইট রয়েছে, যেখানে এক দশক আগেও এই সংখ্যা ছিল কেবল এক হাজারের কিছু বেশি।

পূর্ববর্তী নিবন্ধনিলামে বিক্রি জর্জ ওয়াশিংটনের একগুচ্ছ চুল
পরবর্তী নিবন্ধআজ থেকে রাঙ্গুনিয়ায় রাস মহোৎসব