আকাশের আড়ালে

সুতপা চক্রবর্তী | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:২৬ পূর্বাহ্ণ

সন্ধ্যা, না কি কালো মেঘ?

ভীষণ বিভ্রান্ত ইদানীং।

নীল–সাদা আকাশের ওপারে

কোনো এক অদৃশ্য সূর্য

আলোর সংজ্ঞা লিখে যায়।

প্রিয় কোনো রং

চোখের আড়ালে গেলেই

বদলে যায় দৃষ্টির ভাষা,

চেনা পৃথিবীও তখন

অচেনা দর্শনে ধরা দেয়।

কখনো মনে হয়

এ বুঝি সন্ধ্যার বিষণ্নতা,

আবার কখনো

জমে থাকা কালো মেঘের ভেতর

হারিয়ে যায় সমস্ত নীল।

অথচ আকাশ তো একই থাকে

শুধু কোনো এক চেনা আলোর

দিগন্তে দেখা না মিললেই

নীল তার ভাষা বদলে ফেলে,

আর মেঘেরা নিঃশব্দে

দখল করে নেয় মন খারাপের আকাশ।

কোনো এক দূরবর্তী সূর্য অদৃশ্য থেকেও

যেভাবে আকাশের রং নিয়ন্ত্রণ করে,

তেমনি কোনো এক অদৃশ্য উপস্থিতি

চোখের আড়াল থেকেও

আমার আকাশের

সমস্ত আলো–ছায়ার অর্থ লিখে যায়।

পূর্ববর্তী নিবন্ধনীরবতার গান
পরবর্তী নিবন্ধঅচেনা পৃথিবী