আকবর ৭ গ্রুপ ক্রিকেটে ড্রিম ও পোর্ট সিটি একাডেমির জয়

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে ড্রিম ক্রিকেট একাডেমি এবং পোর্ট সিটি ক্রিকেট একাডেমির নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল ১৪ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে গ্রুপ ‘এ’ তে দিনের প্রথম খেলায় ড্রিম ক্রিকেট একাডেমি ২২ রানে ইস্পাহানি ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে ফিল্ডিং করতে নামে ইস্পাহানি ক্রিকেট একাডেমি। আর প্রথমে ব্যাট করতে নেমে ড্রিম ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে আরাফাদুল আলম অপরাজিত ৩৫, জায়েদ তামিম ২৪, সাইফুল ইসলাম ২০, আব্দুল্লাহ নাহিয়ান ১৮ এবং মো. ইয়াসিন সরকার অপরাজিত ১৯ রান করেন। ইস্পাহানি ক্রিকেট একাডেমির এস.এম জেমো এবং শাহাদাত হোসেন ২টি করে উইকেট পান। জুনায়েদ হাসান পান ১টি উইকেট। ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইস্পাহানি ক্রিকেট একাডেমি ১৯.১ ওভারে ১৩১ রানে অলআউট হয়। দলের পক্ষে সুহাদ এলাহিন ৩৩,সরফরাজ নেওয়াজ ২৩, মাহতাব হোসেন ২২ এবং জুনায়েদ হাসান ১৪ রান করেন। ড্রিম ক্রিকেট একাডেমির মো. আদিল ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। মাহরাব হোসেন এবং সায়েম উদ্দিন প্রত্যেকে ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ড্রিম ক্রিকেট একাডেমির মো. আদিল (১০ রান ও ৪ উইকেট)।

খেলা শেষে তাঁর হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া সংগঠক ও আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম রাজা। একই ভেন্যুতে অনুষ্ঠিত গ্রুপ ‘বি’র খেলায় পোর্ট সিটি ক্রিকেট একাডেমি ৩ উইকেটে চিটাগাং ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে ব্যাটিং বেছে নেয় চিটাগাং ক্রিকেট একাডেমি। প্রথমে ব্যাট করে তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার মো. জয় ৫৩ বলে ৬টি চার ও ৬টি ছক্কায় ৭৪ রান করেন। এছাড়া অধিনায়ক মৃদুল ইসলাম ২৫ এবং রাফি উদ্দিন ২৫ রান যোগ করেন। পোর্ট সিটি ক্রিকেট একাডেমির বোলারদের মধ্যে মো. সাফায়েত, মো. সোহেল এবং শুভ্র শীল প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন। ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পোর্ট সিটি ক্রিকেট একাডেমি ১৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলে জয় নিশ্চিত করে। দলের পক্ষে হাবিবুর রহমান ৪৮ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৫৫ রান করেন।

এছাড়া অধিনায়ক মো. সোহেল ২৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪১ রান করেন। চিটাগাং ক্রিকেট একাডেমির বোলার মাইনুল ইসলাম ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। এছাড়া মো. মাসুম এবং জাহেদুল ইসলাম প্রত্যেকে ১টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন পোর্ট সিটি ক্রিকেট একাডেমির হাবিবুর রহমান (৫৫ অপরাজিত রান)। খেলা শেষে তাঁর হাতে পুরস্কার তুলে দেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক আব্দুল আহাদ রিপন।

পূর্ববর্তী নিবন্ধকেডি প্রভাতী ক্লাবের অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট